নিজের বিয়ের দিনও অফিসের কাজ! বসের প্রশংসায় চটেছেন নেটিজেনরা, উঠছে ‘টক্সিক’ ভাবনা-চিন্তার অভিযোগ। বর্তমানে কর্মক্ষেত্রে ‘ওয়ার্ক-লাইফ ব্যালেন্স’ বা ব্যক্তিগত জীবনের সঙ্গে পেশাগত জীবনের ভারসাম্য নিয়ে আলোচনা তুঙ্গে। এরই মাঝে নেটপাড়ায় ভাইরাল হয়েছে এক নতুন ঘটনা, যা রীতিমতো বিতর্কের ঝড় তুলেছে। ঘটনাটি ঘটেছে ‘ট্রিপল হোয়েল’ (Triple Whale) নামের একটি সংস্থার সিইও এবং কর্মচারীকে নিয়ে।

ঘটনার সূত্রপাত হয় এক্স (সাবেক টুইটার) প্ল্যাটফর্মে ওই  কর্মচারীর করা একটি পোস্ট থেকে। সেখানে দেখা যাচ্ছে বস তাঁকে প্রশংসা করেন কারণ বিয়ের দিন ছুটির নিলেও তিনি সামান্য সময়ের জন্য অনলাইনে এসে অফিসের কাজে যোগ দিয়েছিলেন। বসের মতে, এটি নাকি কর্মীর দায়বদ্ধতার পরিচয়। তিনি দাবি করেন, কেউ তাঁকে কাজে ডাকেনি, নিজের আগ্রহ থেকেই নাকি অনলাইনে এসে মিটিং-এ যোগ দিয়েছিলেন।

তবে এই পোস্টের পরেই উল্টো বিপাকে পড়েন সিইও। নেটিজেনদের বড় একটি অংশ একে ‘টক্সিক’ বা বিষাক্ত কর্মসংস্কৃতির উদাহরণ বলে কটাক্ষ করেছেন। অনেকের মতে, বিয়ের দিনেও কর্মীকে কাজে উৎসাহ দেওয়া বা সেই পরিস্থিতিকে প্রচার করা মোটেই প্রশংসনীয় নয়। 

এক নেটিজেন স্পষ্ট লিখেছেন, “আপনি যদি তাকে মেসেজ না করতেন, তবে সে কখনওই অনলাইনে আসত না।” অন্য একজন মন্তব্য করেছেন, “বিয়ের দিন তাকে ব্যক্তিগত মুহূর্তে থাকতে না দেওয়া এক ধরণের মানসিক অসুস্থতা।”

সোশ্যাল মিডিয়ায় এই পোস্ট ঘিরে সমালোচনার ঢেউ বয়ে যাচ্ছে। ঘটনাটি বর্তমানে করপোরেট দুনিয়ায় কর্মীর ব্যক্তিগত স্বাধীনতা ও মানসিক স্বাস্থ্যের গুরুত্ব নিয়েও নতুন করে আলোচনার জন্ম দিয়েছে।