আজকাল ওয়েবডেস্ক: লোকসভা ভোটে ভাল ফল করেছে শিব সেনা। এবার তাঁদের টার্গেট মহারাষ্ট্র বিধানসভা নির্বাচন। জানা গিয়েছে ২৮৮ আসনে ১১৫ থেকে ১২৫ টি আসনে লড়াই করবে শিব সেনা। মহা বিকাশ আগাডির সঙ্গে জোট করে বিধানসভা ভোটে লড়াই করবে উদ্ধব শিবির।

চলতি বছরের শেষেই হবে মহারাষ্ট্র বিধানসভা নির্বাচন। আগে থেকেই ঘর গুছিয়ে নিয়ে লড়তে চায় শিব সেনা। দলীর বৈঠকে উদ্ধব ঠাকরে স্পষ্ট জানিয়ে দিয়েছেন দলের পরবর্তী পদক্ষেপ। বৈঠকে উপস্থিত ছিলেন সঞ্জয় রাউত, অনিল দেশাই, সুভাষ দেশাই, সুনীল প্রভু সহ দলের প্রথম সারির নেতারা। দলের কর্মীদের নিয়ে ভোটের বিশেষ প্রশিক্ষণ শিবির করা হবে বলেও জানিয়ে দিয়েছেন উদ্ধব ঠাকরে। গতবারে যে আসনগুলিতে শিবসেনা জিতেছিল বা লিড পেয়েছিল সেগুলিকে ফের তিনটি ভাগে ভাগ করেছে তাঁরা। সেই ভাগের হিসাবে মেনে নতুন করে ঝাঁপিয়ে পড়তে চায় শিব সেনা।

২০১৯ মহারাষ্ট্র বিধানসভা নির্বাচনে শিব সেনা ১২৪ টি আসনে লড়াই করেছিল। ১৬৩ টি আসন তাঁরা বিজেপি এবং অন্যদের জন্য ছেড়েছিল। তবে এবার চিত্রটা একেবারে অন্যরকম। তাই নতুনভাবে শুরু করতে চাইছে উদ্ধব শিবির। ২০২৪ লোকসভা নির্বাচনে উদ্ধব শিবির ২২ টি আসনে লড়াই করে। অন্যদিকে মহারাষ্ট্র কংগ্রেস চিফ নানা পাটোলে ইতিমধ্যেই জানিয়ে দিয়েছেন দল ১৫০ টি কম আসনে লড়াই করবে না। ২০১৯ মহারাষ্ট্র বিধানসভা নির্বাচনে শিব সেনা এবং এনসিপি যথাক্রমে ৫৬ এবং ৫৪ টি আসনে জিতেছিল। সেখানে হাত শিবিরের কাছে গিয়েছিল ৪৪ টি আসন।