আজকাল ওয়েবডেস্ক: ভারতের একাধিক বিমানবন্দরের গুরুত্বপূর্ণ দায়িত্বে থাকা তুরস্কের বিমানবন্দর ব্যবস্থাপনার সংস্থা সেলেবি এভিয়েশনের লাইসেন্স বাতিল করল ভারত।  

ভারত ও পাক সামরিক সংঘাতে ইসলামাবাদের পাশেই ছিল তুরস্ক। পাকিস্তানকে ভারতে হামলা চালাতে ড্রোন দিয়ে সাহায্য করেছিল এই দেশ। এমনকি পাকিস্তানে সেনাও পাঠানো হয়েছিল। এরপরই প্রশ্ন উঠেছিল যে, বিশ্বাসঘাতক তুরস্কের সংস্থার হাতে ভারতের বিমানবন্দরগুলির দায়িত্ব থাকা কতখানি নিরাপদ? শেষপর্যন্ত তুরস্কের সংস্থার বিরুদ্ধে কড়া পদক্ষেপ করল নয়াদিল্লি। 

প্রিমিয়াম এয়ারপোর্ট লাউঞ্জ সার্ভিস দিয়ে থাকে তুরস্কের সংস্থা সেলেবি এভিয়েশন। ভারত-সহ বিদেশেরও বহু বিমানবন্দরের দায়িত্বে রয়েছে সেলেবি। ভারতে দু'টি আলাদা নামে (সেলেবি এয়ারপোর্ট সার্ভিস ইন্ডিয়া এবং সেলেবি দিল্লি কার্গো টার্মিনাল ম্যানেজমেন্ট ইন্ডিয়া) ‘গ্রাউন্ড অপারেশনে’র কাজ করে থাকে এই সংস্থাটি। 

ভারতের নয়টি বিমানবন্দর, দিল্লি, বেঙ্গালুরু, হায়দরাবাদ, চেন্নাই, আমেদাবাদ, গোয়া, কোচিন, এবং কুন্নুরে গ্রাউন্ড অপারেশনের কাজ করে সেলেবি।ভারতে সংস্থাটির কর্মী সংখ্যা প্রায় সাড়ে সাত হাজারের বেশি। 

পহেলগাঁও হামলার পর পাক 'বন্ধু' তুরস্কের ভূমিকা ভারতের জাতীয় নিরাপত্তার পের্কেষিতে বেশ ঝুঁকির। ফলে তুরস্কের সংস্থাকে দেশের গুরুত্বপূর্ণ বিমানন্দরগুলিতে কাজ করতে দেওয়া কতটা যুক্তিগ্রাহ্য ও জাতীয় নিরাপত্তার ক্ষেত্রে সঠিক তা নিয়ে প্রশ্ন উঠেছিল।  বেসিরভাগ বিসেষজ্ঞই মনে করেছেন যে, এতে জাতীয় সুরক্ষা বিঘ্নিত হতে পারে। তারপরই সেলেবি এভিয়েশনকে বাতিলের সিদ্ধান্ত হল। 

উল্লেখ্য এর আগে জেএনইউ এবং জামিয়া মিলিয়া ইসলামিয়া বিশ্ববিদ্যালয় তুরস্কের বিশ্ববিদ্যালয়গুলির সঙ্গে চুক্তি বাতিল করেছে।