আজকাল ওয়েবডেস্ক: বনের অন্ধকার চিরে দ্রুত গতিতে ছুটছিল বাইক। এর পরিণতি যে মৃত্যু, তা হয়তো ঘুণাক্ষরেও বুঝতে পারেননি দুই যুবক। শনিবার রাতে নৈনিতাল জেলার টাণ্ডা অরণ্যে রাস্তা পার করার সময় একটি হাতির মুখে পড়ে যায় তাঁদের বাইকটি। হাতির সঙ্গে সরাসরি সংঘর্ষে প্রাণ হারিয়েছেন শাকিল (২৬) ও জাফর (২৮) নামে দুই যুবক।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃতদের আদি বাড়ি উত্তরপ্রদেশের শাহজাহানপুরে। পরবর্তীতে তাঁরা হলদ্বাণীর গফুর বস্তিতে থেকে হকারির কাজ করতেন। শনিবার রাতে হলদ্বাণী থেকে ৩০ কিলোমিটার দূরে রুদ্রপুরে যাওয়ার পথেই রামপুর রোডে এই দুর্ঘটনা ঘটে। অন্ধকার রাস্তায় হাতিটিকে সম্ভবত দেখতে পাননি তাঁরা, আর তার জেরেই সরাসরি ধাক্কা লাগে।
খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। হলদ্বাণীর পুলিশ সুপার মনোজ কাত্যায়াল জানান, রক্তাক্ত অবস্থায় দুই যুবককে উদ্ধার করে স্থানীয় সরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা একজনকে মৃত বলে ঘোষণা করেন। অন্যজনের মৃত্যু হয় চিকিৎসাধীন অবস্থায়।
তরাই সেন্ট্রাল ডিভিশনের ডিএফও উমেশ চন্দ্র তিওয়ারি জানিয়েছেন, "ময়নাতদন্তের রিপোর্ট এলেই বোঝা যাবে আঘাতটি নিছক দুর্ঘটনার জেরে নাকি হাতির হামলায় হয়েছে।"
বন দপ্তর সূত্রের খবর, রামপুর রোডের ওই নির্দিষ্ট অংশটি আসলে একটি ‘এলিফ্যান্ট করিডোর’ বা হাতিদের যাতায়াতের পথ। উল্লেখ্য, ২০২৫ সালের অক্টোবর মাসে প্রকাশিত সরকারি পরিসংখ্যান অনুযায়ী, উত্তরাখণ্ডে হাতির সংখ্যা আগের তুলনায় অনেকটাই বেড়েছে। ২০০৭ সালে যেখানে রাজ্যে হাতি ছিল ১৩৪৬টি, বর্তমানে সেই সংখ্যা দাঁড়িয়েছে ১৭৯২-এ। বন সংলগ্ন রাস্তায় হামেশাই হাতি চলে আসে। বিপত্তিতে পড়ে সাধারণ। এই ঘটনাকে কেন্দ্র করে সাধারণ মানুষের নিরাপত্তা নিয়ে প্রশ্ন করেছেন অনেকেই।
