আজকাল ওয়েবডেস্ক: যাতায়াতের ঝক্কি কমিয়ে গতির জোয়ার আনতে আজ রবিবার মিরাটে যাচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। প্রায় ১২,৯৩০ কোটি টাকার একগুচ্ছ প্রকল্পের ডালি সাজিয়ে উত্তরপ্রদেশে পা রাখছেন তিনি। রবিবাসরীয় এই সফরের মূল আকর্ষণ- দেশের প্রথম ‘নমো ভারত’ আরআরটিএস এবং দিল্লি-মিরাট করিডোরের পূর্ণাঙ্গ পথটির উদ্বোধন।

এক নজরে আজকের সূচি:

দুপুর সাড়ে ১২টা নাগাদ শতাব্দী নগর স্টেশন থেকে মিরাট মেট্রো এবং নমো ভারত ট্রেনের ফ্ল্যাগ অফ করবেন প্রধানমন্ত্রী।

উদ্বোধনের পর শতাব্দী নগর থেকে মিরাট সাউথ পর্যন্ত নিজে মেট্রোয় সওয়ার হবেন তিনি।

দুপুর ১টা নাগাদ একগুচ্ছ প্রকল্পের শিলান্যাস সেরে দেশবাসীর উদ্দেশে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী।

দিল্লি-মিরাট এবার হাতের মুঠোয়:

এতদিন দিল্লি থেকে মিরাট যাওয়ার যে দীর্ঘ পথ পেরোতে হতো, ৮২ কিলোমিটারের এই নতুন করিডোর তা এক নিমেষে কমিয়ে আনল। ঘণ্টায় ১৮০ কিলোমিটার সর্বোচ্চ গতিবেগের এই ট্রেনটিই এখন দেশের দ্রুততম আঞ্চলিক যোগাযোগ ব্যবস্থা। আজ দিল্লির সরাই কালে খাঁ থেকে নিউ অশোক নগর এবং মিরাটের বাকি অংশটিরও উদ্বোধন হচ্ছে। ফলে সাহিবাবাদ, গাজিয়াবাদ ও মোদিনগর হয়ে এখন সহজেই দিল্লি পৌঁছে যাওয়া যাবে।

মিরাটের জন্য থাকছে আরও এক বড় চমক। দেশের মধ্যে এই প্রথম একই পরিকাঠামো বা ট্র্যাকে ‘নমো ভারত’ ট্রেনের পাশাপাশি চলবে মেট্রোও। ১২০ কিমি গতিবেগের এই মিরাট মেট্রোই হতে চলেছে দেশের দ্রুততম মেট্রো পরিষেবা। দক্ষিণ মিরাট থেকে মোদিপুরম পর্যন্ত গোটা পথটি পার করতে সময় লাগবে মাত্র ৩০ মিনিট।

শনিবার দিল্লির মুখ্যমন্ত্রী রেখা গুপ্তা এই প্রকল্পকে রাজধানী ও সংলগ্ন এলাকার মানুষের জন্য প্রধানমন্ত্রীর ‘বড় উপহার’ বলে উল্লেখ করেছেন। সরাই কালে খাঁ স্টেশনটি যেভাবে রেল, মেট্রো এবং আন্তঃরাজ্য বাস টার্মিনাসকে জুড়েছে, তাতে সাধারণ যাত্রীদের ভোগান্তি অনেকটাই কমবে বলে আশা করা হচ্ছে।