আজকাল ওয়েবডেস্ক: সংসদে হানাকাণ্ডের প্রধান ললিত ঝাকে জেরা করে উঠে এলেছে নয়া তথ্য। পুলিশ সূত্রে খবর, একটি বা দুটি নয়, সাতটি রংবোমা নিয়ে সংসদে ঢোকার পরিকল্পনা ছিল এই দলের। সংসদের বাইরে বিক্ষোভ করে কোনও লাভ হবে না। তাই সংসদের ভিতরে ঢুকে এই হানা দেওয়ার পরিকল্পনা করে তাঁরা। জেরায় ললিত দাবি করেছে, বহুদিন ধরেই তাঁরা ইন্টারনেট দেখে অনেক তথ্য সংগ্রহ করেছিলেন। পুরনো ভিডিও দেখে তাঁরা সংসদের নিরাপত্তা ব্যবস্থা সম্পর্কে জানতে পেরেছিলেন। জানতে পেরেছিলেন সিগন্যাল অ্যাপ চ্যাটিংয়ের জন্য সুরক্ষিত। তাই এই অ্যাপ ব্যবহার করে নিজেদের মধ্যে যোগাযোগ রেখেছিলেন ললিতরা। পুলিশের জেরায় ললিত আরও জানিয়েছে, এই হানার মূল মাথা সে নিজেই। সমাজমাধ্যমে বহু তরুণ-তরুণীকে তাঁদের সঙ্গে কাজ করার জন্য তিনি উৎসাহ দিতেন। প্রসঙ্গত, সংসদ হানার মূল মাথা ললিতকে বৃহস্পতিবার গ্রেপ্তার করে পুলিশ। তারপরই চলছে টানা জেরা। কেন এই ধরণের একটি কাজ তাঁরা করল তা জানার চেষ্টা করছে পুলিশ।