আজকাল ওয়েবডেস্ক: এমফিল স্বীকৃত ডিগ্রি নয়। কোর্স বন্ধ করতে বিশ্ববিদ্যালয়গুলিকে কড়া নির্দেশ ইউজিসির। এমফিল কোর্স নিয়ে আলোচনা চলছে দীর্ঘদিন ধরেই। এর আগেই ইউজিসির পক্ষ থেকে বিশ্ববিদ্যালয় গুলিকে এই কোর্সে ভর্তির বিজ্ঞপ্তি না দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছিল। তারপরেও বেশ কয়েকটি বিশ্ববিদ্যালয় এই নির্দেশিকা মানেনি বলেই জানা গিয়েছে, বিজ্ঞপ্তি দেখে পড়ুয়ারা আবেদন করলেও তাতে কেবল সময় নষ্ট হবে। বিশ্ববিদ্যালয়গুলিকে এবার কড়া বার্তা ইউজিসির। দেশের বিশ্ববিদ্যালয়গুলিকে এই কোর্সে ভর্তি না নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে, সঙ্গেই সাফ জানানো হয়েছে, ডিগ্রি হিসেবে স্বীকৃত নয় এমফিল। ইউজিসি সেক্রেটারি মণীশ যোশী পড়ুয়াদের উদ্দেশে বলেছেন, " ইউজিসির নজরে এসেছে, বেশ কয়েকটি বিশ্ববিদ্যালয় নতুন করে এমফিল-এ ভর্তির আবেদনের সুযোগ দিয়েছে। কিন্তু এমফিল কোনও স্বীকৃত ডিগ্রি নয়।" ইউজিসি প্রবিধান ২০২২- এর ১৪ নম্বর রেগুলেশনে উল্লেখ আছে, উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানগুলি আর এমফিল করাতে পারবে না। এমফিল নিয়ে ইউজিসির নির্দেশিকা প্রসঙ্গে রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু জানিয়েছেন, "ইউজিসির এই ফতোয়া আমরা মেনে নেব না। আমরা আমাদের রাজ্যের শিক্ষাবিদদের পরামর্শ অনুযায়ী কাজ করব। ইউজিসি কী বলেছে, আমাকে পুরোটা পড়তে হবে।"
UGC: এমফিল কোর্স বন্ধ করতে বিশ্ববিদ্যালয়গুলিকে কড়া নির্দেশ ইউজিসির
















