আজকাল ওয়েবডেস্ক: কুম্ভ মেলা আর সেই মেলায় গিয়ে হারিয়ে যাওয়া, তা নিয়ে যুগ যুগ ধরে আলোচনা। কেউ কেউ  আচমকা নিজের মতো কাউকে খুঁজে পেলে, বলেন,কুম্ভ মেলায় হারিয়ে যাওয়া দু’ জন। এবার কুম্ভ মেলায় নিজের শাশুড়িকে হারিয়ে আকুল হয়ে কেঁদে ভাসাচ্ছেন বউমা। সোশ্যাল মিডিয়ায় সেই ভিডিও একন রীতিমতো ভাইরাল।


১৩ জানুয়ারি থেকে শুরু হয়েছে কুম্ভমেলা। মেলা শুরুর আগে যেমন প্রস্তুতি ছিল  তুঙ্গে, তেমনই মেলা শুরুর পর থেকে দিনে দিনে উঠে আসছে একের পর এক তথ্য। একদিন সোশ্যাল মিডিয়া তোলপাড় আইআইটি বাবাকে নিয়ে, একদিন আলোচনা ‘মহাকুম্ভের মোনালিসা’কে নিয়ে। তারমাঝেই ভাইরাল হয়েছে বউমার ভিডিও। 

সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও ছড়িয়ে পড়েছে ইতিমধ্যে, যদিও ওই ভিডিওর সত্যতা যাচাই করেনি আজকাল ডট ইন। তবে ভিডিওতে দেখা গিয়েছে, এক ভদ্রমহিলা আকুল হয়ে কাঁদছেন, কারণ ভিড় মেলায় তিনি খুঁজে পাচ্ছেন না তাঁর শাশুড়িকে। 

আচমাক ওই যুবতীকে কাঁদতে দেখে, অনেকেই প্রশ্ন করেন কী হয়েছে? তখনই তিনি জানান, একসঙ্গেই ছিলেন, ভিড়ে আচমকা আর খুঁজে পাচ্ছেন না শাশুড়িমাকে। তাঁর সঙ্গে যিনি ছিলেন, তাঁর ফোনেও পাওয়া যাচ্ছে না। পুলিশকে জানিয়েছেন অ্যানাউন্স করার জন্য। সিসিটিভি ফুটেজ দেখার অনুরোধ করছেন। জানতে চাইছেন তিনি ভিড়ের মাঝে এগিয়ে গিয়েছেন নাকি পিছনে পড়েছেন। আশেপাশের অনেককেই তাঁকে স্বান্তনা দিতে দেখা গিয়েছে। সোশ্যাল মিডিয়ায় প্রায় ২৩ লক্ষ মানুষ ভিডিওটি দেখেছেন।