আজকাল ওয়েবডেস্ক: ফোনে কথা বলতে বলতে রান্না করছিলেন যুবক। আচমকা ফুটন্ত তেলের মধ্যে পড়ে যায় ফোন। মুহূর্তের মধ্যে ঘটে যায় ভয়াবহ বিস্ফোরণ। মোবাইলের ব্যাটারি বিস্ফোরণে, গরম তেল ছিটকে পড়ে যুবকের গায়ে। অগ্নিদগ্ধ অবস্থায় হাসপাতালে নিয়ে গেলেও শেষরক্ষা হল না। হাসপাতালে নিয়ে যাওয়ার পরেই মৃত্যু হল তাঁর।
সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে খবর, মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটেছে মধ্যপ্রদেশের ভিন্দ জেলায়। মৃতের নাম, চন্দ্রপ্রকাশ। শুক্রবার ফোনে কথা বলতে বলতে রান্না করছিলেন তিনি। আচমকা হাত থেকে পিছলে ফুটন্ত তেলের মধ্যে ফোনটি পড়ে যায়। তখনই ব্যাটারি বিস্ফোরণের ঘটনাটি ঘটে। বিকট শব্দ শুনেই ছুটে আসেন পরিবারের লোকেরা।
পরিবার সূত্রে খবর, অগ্নিদগ্ধ অবস্থায় চন্দ্রপ্রকাশকে দ্রুত অ্যাম্বুল্যান্সে করে হাসপাতালের উদ্দেশে রওনা দেওয়া হয়। কিন্তু মাঝপথে যানজটের কারণে দীর্ঘক্ষণ অ্যাম্বুল্যান্স আটকে থাকে। ৮০ কিমি পথ ঘুরে অবশেষে হাসপাতালে পৌঁছন তাঁরা। পথে দুই ঘণ্টা সময় পেরিয়ে যায়। হাসপাতালে পৌঁছতেই মৃত্যু হয় তাঁর।
পরিবারের অভিযোগ, যানজট না থাকলে, অ্যাম্বুল্যান্স সময়মতো হাসপাতালে পৌঁছলে যুবকের চিকিৎসা শুরু করা যেত। দুই সন্তানের বাবা ছিল চন্দ্রপ্রকাশ। তাঁর মৃত্যুতে পরিবারে শোকের ছায়া।
