আজকাল ওয়েবডেস্ক: রাকেশ শর্মা, শুভাংশু শুক্লার পর, আরও একজন। ইতিহাস রচনার দিকে এক কদম বাড়িয়ে তিনি। যব ঠিক থাকলে, তিনিই ভারতের প্রথম মহিলা নভশ্চর এবং ভারতের সর্বকালের সর্বনকিষ্ঠ নভশ্চর।
শুভাংশুর সাফল্যের মাঝেই চিনে নিন জাহ্নবীকে-
অন্ধ্রপ্রদেশের জাহ্নবী। জাহ্নবী ডাঙ্গেতি। এখন বয়স মাত্র ২৩। সব ঠিক থাকলে ২০২৯ সালে আমেরিকার টাইটান স্পেস মিশনে পাড়ি দেবেন তিনি। তখন বয়স হবে ২৯। ওই মিশনে, পাঁচঘণ্টা মহাকশে ভেসে থেকে একগুচ্ছ তথ্য সংগ্রহ করেবন তিনি এবং তাঁর সহযাত্রীরা। পাঁচ ঘণ্টা পৃথিবীর মধ্যাকর্ষণ শক্তির বাইরে কাটিয়ে, ফিরে আসবেন ফের পৃথিবীতে।
২০২৬ সাল থেকে, জাহ্নবী টিএসআই (TSI)-এর এএসসিএএন (ASCAN) প্রোগ্রামের অধীনে তিন বছরের কঠিন প্রশিক্ষণ শুরু করবেন। এর মধ্যে থাকবে ফ্লাইট সিমুলেশন, মহাকাশযান চালানো শেখা, বেঁচে থাকার দক্ষতা, চিকিৎসা পরীক্ষা এবং মানসিক শক্তি প্রশিক্ষণ।
এই মহাকাশ মিশনের নেতৃত্ব দেবেন অবসরপ্রাপ্ত নাসা মহাকাশচারী কর্নেল উইলিয়াম ম্যাকআর্থার জুনিয়র, যিনি টাইটানের প্রকল্পের প্রধান মহাকাশচারী হিসেবে দায়িত্ব পালন করবেন।উল্লেখ্য, এই তথ্য জাহ্নবী নিজেই তাঁর সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে শেয়ার করেছেন।
জাহ্নবী নিজের শহরে স্কুলের পড়াশোনা শেষ করে পরে লাভলি প্রফেশনাল ইউনিভার্সিটিতে (LPU) পড়াশোনা করার জন্য পাঞ্জাবে চলে যান। ইলেকট্রনিক্স এবং কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতক ডিগ্রি অর্জন করেন। তাঁর বাবা-মা কুয়েতে থাকেন বর্তমানে।
ইঞ্জিনিয়ারিংয় পড়াশোনা করলেও, তার পাশাপাশি, জাহ্নবী বিজ্ঞান এবং মহাকাশের প্রতি আগ্রহী ছোট থেকেই। তিনি সারা ভারতে ISRO ইভেন্ট এবং NIT কলেজগুলিতে বক্তৃতা দিয়েছেন। ২০২২ সালে, জাহ্নবী পোল্যান্ডের ক্রাকোতে অ্যানালগ অ্যাস্ট্রোনট ট্রেনিং সেন্টারে (AATC) প্রশিক্ষণ নেওয়া সর্বকনিষ্ঠ বিদেশী অ্যানালগ মহাকাশচারী এবং প্রথম ভারতীয় হয়ে ইতিহাস তৈরি করেছেন ইতিমধ্যেই।
