আজকাল ওয়েবডেস্ক: কোটি কোটি মানুষ প্রতিদিন ট্রেনে যাতায়াত করেন এই ভারতে। আর রেল কর্তৃপক্ষ যাত্রীদের যাবতীয় সুবিধা দিতে বদ্ধপরিকর।
যাত্রী সুবিধার্থে একাধিক পদক্ষেপ নিয়েছে রেল। প্রতিদিন নয়া নিয়ম আনা হচ্ছে। এবার তৎকাল টিকিট বুকিংয়ের ক্ষেত্রে বড় নিয়ম আনল রেল। যার ফলে টিকিট কমফার্মড হওয়া পুরোপুরি নিশ্চিত হবে। এখন জেনে নিন তৎকাল টিকিট কাটার নিয়মগুলি।
আচমকা কোথাও যেতে হলে তৎকাল টিকিট ছাড়া গতি থাকে না যাত্রীদের। কিন্তু এই টিকিট কাটার নির্দিষ্ট সময় আছে।
বাতানুকাল শ্রেণির ক্ষেত্রে যাত্রার ঠিক একদিন আগে সকাল ১০ টা থেকে তৎকাল টিকিট কাটা যায়। আর সাধারণ শ্রেণির ক্ষেত্রে যাত্রার একদিন আগে সকাল ১১ টা থেকে টিকিট কাটা যায়।
আইআরসিটিসির নিজস্ব ওয়েবসাইটে ঢুকে তৎকাল টিকিট কাটতে হয়। মোবাইল থেকেও টিকিট কাটতে পারবেন। এছাড়া রেলওয়ে স্টেশনের কাউন্টার থেকেও টিকিট কাটতে পারেন। মোবাইলে টিকিট কাটার সময় ট্রেনের নম্বর, কোন শ্রেণিতে যাত্রা করবেন তা ঠিক করে নিতে হবে। নাম, বয়স, লিঙ্গ, আইডি প্রুফ দিতে হবে। ট্রেনে যাত্রার সময়েও কোনও না কোনও পরিচয়পত্র সঙ্গে রাখতে হবে।
এক জন যাত্রী একসঙ্গে সর্বোচ্চ চারটি তৎকাল টিকিট কাটতে পারবেন। টিকিট নিয়ে কালোবাজারি রুখতেই এই সিদ্ধান্ত নিয়েছে রেল।
অনলাইনে টিকিট কাটার জন্য আইআরসিটিসি’র ওয়েবসাইটে গিয়ে প্রথমে লগ ইন করতে হবে। তারপর বুকিং অপশনে যান। এরপর তৎকাল লিঙ্গে ক্লিক করতে হবে। এরপর সমস্ত বিস্তারিত তথ্য দিয়ে টিকিট বুক করতে হবে। সবশেষে পেমেন্ট করতে হবে।
