আজকাল ওয়েবডেস্ক: সিদ্ধ চাল রপ্তানিতে বড় সিদ্ধান্ত নিল কেন্দ্রীয় সরকার। এবার থেকে সিদ্ধ চাল রপ্তানির ক্ষেত্রে যে কর দিতে হত সেখান থেকে অনেকটাই ছাড় মিলবে বলেই জানা গিয়েছে। ভারত বর্তমানে বিশ্বের অন্যতম চাল রপ্তানিকারক দেশগুলির মধ্যে অন্যতম। বর্ষার পরই এই সিদ্ধান্ত কার্যকর করা হবে বলেই জানা গিয়েছে।
রপ্তানিকে আরও গতি দিতে ২০ শতাংশ থেকে কমিয়ে এই করের পরিমান করা হয়েছে ১০ শতাংশ। গত মাসেই নন বাসমতী চালের উপর থেকে কর অনেকটাই কমিয়ে দেওয়া হয়েছে। দিল্লি এখানে চাল রপ্তানির ক্ষেত্রে নতুন রেকর্ড তৈরি করেছে। ভারত থেকে যে চাল রপ্তানি করা হয় তা বিশ্বের নানা দেশের চাহিদা পূরণ করে থাকে। পাকিস্তান, থাইল্যান্ড এবং ভিয়েতনামে ভারতীয় চালের চাহিদা বর্তমানে তুঙ্গে। একেই কাজে লাগাতে চাইছে কেন্দ্রীয় সরকার।
এই পদক্ষেপের ফলে দেশের কৃষকমহল আরও বেশি উপকার পাবেন বলে মনে করছে কেন্দ্রীয় সরকার। ভারত এমনিতেই কৃষিপ্রধান দেশ। ভারতের অর্থনীতি অনেকটাই কৃষির উপর নির্ভর করে থাকে। তাই এবার যদি সিদ্ধ চাল দেশের বাইরে অতি সহজে রপ্তানি করা যায় তবে দেশের অর্থনীতি অনেকটা চাঙ্গা হবে। পাশাপাশি কৃষকরাও লাভের অঙ্ক অনেক বেশি দেখতে পারবেন।
