আজকাল ওয়েবডেস্ক: ফরিদাবাদের সুরজকুণ্ড মেলায় দোলনা ছিঁড়ে পড়ার ঘটনায় সম্প্রতি ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে৷ ঘটনাকে কেন্দ্র করে বিনোদন পার্কের নিরাপত্তা নিয়ে আবারও আতঙ্ক তৈরি হল। চলন্ত অবস্থায় বিশালাকার রাইডটি ভেঙে পড়ায় প্রাণ হারিয়েছেন এক পুলিশ আধিকারিক। আহত কমপক্ষে ১১ জন। পাশাপাশি এই দুর্ঘটনা দেশজুড়ে অতীতে ঘটে যাওয়া একাধিক বিভীষিকাময় স্মৃতি উস্কে দিয়েছে।
ভারতে মাঝেমধ্যেই বিনোদন রাইড বা রোপওয়েতে এই ধরনের বিভ্রাট জনমনে আতঙ্কের সৃষ্টি করে। এক নজরে দেখে নেওয়া যাক, গত কয়েক বছরে দেশে ঘটে যাওয়া এমনই কিছু বড় দুর্ঘটনার তালিকা৷
ঝাবুয়া, মধ্যপ্রদেশ (২০২৬): গত ১৯ জানুয়ারি একটি স্থানীয় মেলায় দোলনা ভেঙে ১৪ জন শিশু আহত হয়। জেলা প্রশাসনের নির্দেশে রাইডটি বন্ধ করে তদন্ত শুরু হয়েছে।
কোলহাপুর, মহারাষ্ট্র (২০২৫): গত ২৫ অক্টোবর একটি রাইড আচমকা বিকল হয়ে ১৮ জন পর্যটক প্রায় ৮০ ফুট উঁচুতে আটকে ছিলেন। দমকল বাহিনী কয়েক ঘণ্টার চেষ্টায় তাঁদের উদ্ধার করে।
পাওয়াগড়, গুজরাট (২০২৫): ৬ সেপ্টেম্বর রোপওয়ের তার ছিঁড়ে প্রাণ হারান ৬ জন। কারিগরি কমিটির মাধ্যমে ঘটনার তদন্ত চলেছে।
চেন্নাই, তামিলনাড়ু (২০২৫): ২৮ মে একটি পার্কে অ্যাডভেঞ্চার রাইড মাঝপথে থমকে যাওয়ায় ৩০ জন আটকে পড়েন। উদ্ধারকারী দল তাঁদের নামিয়ে আনে।
দিল্লি (২০২৫): ৩ এপ্রিল রোলার কোস্টারের সিট বেল্ট ছিঁড়ে নিচে পড়ে গিয়ে মৃত্যু হয় এক তরুণীর। পুলিশ রাইডটির কর্তৃপক্ষের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিয়েছে।
নৈনিতাল, উত্তরাখণ্ড (২০২৩): ২৭ জুলাই যান্ত্রিক ত্রুটির জেরে রোপওয়ের ট্রলিতে আটকে পড়েন বিদেশি পর্যটক-সহ ১২ জন। দীর্ঘক্ষণ পর তাঁদের নিরাপদ স্থানে সরানো হয়।
দেওঘর, ঝাড়খণ্ড (২০২২): ১০ এপ্রিল ত্রিকূট পাহাড়ে দুটি দোলনার সংঘর্ষে ২ জনের মৃত্যু হয়। উদ্ধারকাজে বায়ুসেনার সাহায্য নেওয়া হয়েছিল। অভিযুক্ত সংস্থাকে কালো তালিকাভুক্ত করে রাজ্য সরকার।
আমদাবাদ, গুজরাট (২০১৯): ১৪ জুলাই একটি পেন্ডুলাম রাইডের লোহার পাইপ ভেঙে ২ জনের মৃত্যু হয়, আহত হন ৩০ জন। এরপর শহরের সমস্ত বিনোদন পার্কে নিরাপত্তার কড়াকড়ি শুরু হয়।
দার্জিলিং, পশ্চিমবঙ্গ (২০০৩): ১৯ অক্টোবর পাহাড়ের বিখ্যাত রোপওয়েতে যান্ত্রিক গোলযোগের জেরে কয়েকটি ট্রলি নিচে পড়ে যায়। এই মর্মান্তিক দুর্ঘটনায় প্রাণ হারান ৪ জন। দীর্ঘ সময় বন্ধ থাকার পর রোপওয়েটি ঢেলে সাজানো হয়েছিল।
