আজকাল ওয়েবডেস্ক: সম্প্রতি কর্ণাটকে গাড়ি দুর্ঘটনায় এক পরিবারের চার সদস্যের মৃত্যু। তুমাকুরু জেলার কুনিগালের কাছে বাইপাসে ঘটনাটি ঘটে৷ আচমকা একটি দ্রুতগামী মিনি ট্রাকের সঙ্গে তাঁদের গাড়ি মুখোমুখি ধাক্কা খায়৷ ঘটনার জেরে ১৩ বছর বয়সী এক নাবালক সহ একই পরিবারের চার সদস্যের মৃত্যু হয়েছে। খবর পেয়ে তৎক্ষণাৎ পুলিশ ঘটনাস্থলে পৌঁছয়৷ 

সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে খবর, নিহত পরিবারকে শনাক্ত করা গিয়েছে। সীবে গৌড়া (৫০), তাঁর স্ত্রী শোভা (৪৫), মেয়ে দুম্বিশ্রী (২৩) এবং ছেলে ভানুকিরণ (১৩)। রবিবার রাত ৮টার দিকে দুর্ঘটনাটি ঘটে। ছেলে ভানুকিরণকে তার পরিবার কুনিগালের উপকণ্ঠে বিদানগেরের কাছে তার হোস্টেলে নামিয়ে দিতে যাচ্ছিলেন৷ গৌড়া তাঁর পরিবারের সঙ্গে মাগাদি শহরে থাকতেন। তিনি এবং তাঁর পরিবার রাতে খাবারের পর ছেলেকে স্কুল হোস্টেলে নিয়ে যেতে একসঙ্গে বেরিয়েছিলেন।

পুলিশ সূত্রে খবর,  মাঝপথে তাঁরা কুনিগাল বাইপাসে পৌঁছয়। সেই মুহুর্তে হঠাৎ ভুল দিক থেকে আসা একটি দ্রুতগামী ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। দুর্ঘটনার ধাক্কা এতটাই তীব্র ছিল,  গাড়িতে থাকা চার যাত্রীই ঘটনাস্থলেই মারা যান। 

মিনি ট্রাকের চালকের বিরুদ্ধে ইতিমধ্যেই মামলা দায়ের করা হয়েছে। তাকে গ্রেপ্তার করা হয়েছে।