আজকাল ওয়েবডেস্ক: টিকা দিয়ে অসুস্থ? এবার বড় নির্দেশ সুপ্রিম কোর্টের। কোভিড টিকা নেওয়ার পর গুরুতর পার্শ্বপ্রতিক্রিয়া, এমনকী মৃত্যুর ঘটনায় ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়াতে কেন্দ্রকে বড়সড় নির্দেশ দিল সুপ্রিম কোর্ট। মঙ্গলবার শীর্ষ আদালত সাফ জানিয়েছে, এই ধরনের ঘটনার জন্য সরকারকে একটি নির্দিষ্ট ‘নো-ফল্ট’ ক্ষতিপূরণ নীতি বা কাঠামো তৈরি করতে হবে।
সহজ কথায়, টিকা নেওয়ার ফলে কেউ অসুস্থ হলে বা প্রাণ হারালে, তাঁর পরিবারকে আর্থিক সাহায্য করতে হবে। এর জন্য কারও গাফিলতি বা দোষ প্রমাণ করার প্রয়োজন পড়বে না। ২০২১ সালে কোভিশিল্ডের প্রথম ডোজ নেওয়ার পর দুই তরুণীর মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে একগুচ্ছ মামলা দায়ের হয়েছিল। আবেদনকারীদের দাবি ছিল, ওই দুই তরুণীই টিকা নেওয়ার পরে শারীরিক অসুস্থতায় মারা গিয়েছেন।
এদিন বিচারপতি বিক্রম নাথ এবং বিচারপতি সন্দীপ মেহতার বেঞ্চ একটি বিষয় স্পষ্ট করে দিয়েছে। আদালত জানিয়েছে, এই ক্ষতিপূরণ দেওয়ার অর্থ এই নয় যে কেন্দ্র সরকার বা অন্য কোনও কর্তৃপক্ষ নিজেদের গাফিলতি স্বীকার করে নিচ্ছে। রায়ের বয়ানে বলা হয়েছে, “এই কাঠামো তৈরি করাকে ভারত সরকার বা কোনও কর্তৃপক্ষের দায় বা দোষের স্বীকৃতি হিসেবে দেখা চলবে না।”
আবেদনকারীরা এই ঘটনার তদন্তে একটি পৃথক বিশেষজ্ঞ কমিটি গড়ার আর্জি জানিয়েছিলেন। কিন্তু সুপ্রিম কোর্ট সেই দাবি খারিজ করে দিয়েছে। আদালতের মতে, পার্শ্বপ্রতিক্রিয়া খতিয়ে দেখার জন্য বর্তমানে যে বৈজ্ঞানিক ব্যবস্থা রয়েছে, সেটিই যথেষ্ট। আলাদা করে কোনও কমিটির প্রয়োজন নেই। তবে নজরদারির সেই তথ্য নিয়মিত সাধারণ মানুষের জন্য প্রকাশ করার নির্দেশ দিয়েছেন বিচারপতিরা।
আদালত আরও জানিয়েছে, এই নির্দেশের ফলে ক্ষতিগ্রস্তদের অন্য কোনও আইনি পথ বেছে নেওয়ার রাস্তা বন্ধ হচ্ছে না। ১৮ ও ২০ বছর বয়সি দুই তরুণীর মৃত্যুর বিচার চেয়ে যে বাবা-মায়েরা আদালতের দ্বারস্থ হয়েছিলেন, তাঁদের আর্তিই এদিন মান্যতা পেল শীর্ষ আদালতে।
