আজকাল ওয়েবডেস্ক: নাটকীয় পরিস্থিতি শেষে কংগ্রেস ছেড়ে বিজেপিতেই যোগ দিলেন অসম কংগ্রেসের প্রাক্তন প্রদেশ সভাপতি ভূপেন কুমার বোরাহ। রবিবার গুয়াহাটিতে বিজেপি সদর কার্যলয়ে তিনি পদ্ম শিবিরে আনুষ্ঠানিক যোগদান করেন। এছাড়াও গেরুয়া শিবিরে নাম লিখিয়েছেন সঞ্জু বড়ুয়া এবং সর্বনারায়ণ দেউরির মতো তরুণ কংগ্রেস নেতারাও।

ভূপেন বোরাহ কে?
গত ৩২ বছর ধরে কংগ্রেস করেছেন প্রবীণ রাজনীতিবিদ ভুপেন বোরাহ। তিনি ২০০৬ থেকে ২০১৬ পর্যন্ত (দু'বার) অসমের বিহপুরিয়া আসন থেকে রাজ্য বিধানসভার সদস্য হিসেবে দায়িত্ব পালন করেছেন। তিনি বেশ কয়েকবার প্রদেশ কংগ্রেসের সভাপতি ছিলেন। ২০১৩, ২০২১ থেকে ২০২৪ সাল পর্যন্ত অসম প্রদেশ কংগ্রেস কমিটির (এপিসিসি) সভাপতি ছিলেন।

তরুণ গগৈয়ের আমলে ভূপেন বোরহ অসম সরকারের মুখপাত্র এবং সংসদীয় সচিব ছিলেন। ২০১৩ সালে, তিনি অসম প্রদেশ কংগ্রেস কমিটির সভাপতি নিযুক্ত হন।

বোরাহ উত্তর লখিমপুর কলেজ ছাত্র ইউনিয়নের সহ-সভাপতি এবং ডিব্রুগড় বিশ্ববিদ্যালয় স্নাতকোত্তর ছাত্র ইউনিয়নের সাধারণ সম্পাদক ছিলেন।

১৯৭০ সালের ৩০শে অক্টোবর, লখিমপুরের পোহুমোরায় জন্মগ্রহণকারী বোরাহ উত্তর লখিমপুর কলেজ এবং ডিব্রুগড় বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ডিগ্রি অর্জন করেন।

বোরাহ ডিব্রুগড় বিশ্ববিদ্যালয়ে ছাত্রদের মধ্যে খ্যাতি অর্জন করেন এবং তাঁর জাতীয়তাবাদী ধারণা প্রতিষ্ঠা করেন। কেন্দ্রীয় মন্ত্রী সর্বানন্দ সোনোয়ালও বোরাহের সঙ্গে একই সময়ে ডিব্রুগড় বিশ্ববিদ্যালয়ে পড়েছিলেন এবং দু'জনেই অল অসম স্টুডেন্টস ইউনিয়নের (এএএসইউ) সদস্য ছিলেন।

ভূপেন বোরাহ যখন এপিসিসি সভাপতি ছিলেন, তখন তিনি যে কোনও সমস্যার বিরুদ্ধে সোচ্চার ছিলেন। বোরাহ কংগ্রেসের অন্যতম বিশিষ্ট নেতা যিনি দলে বিভিন্ন  বিভিন্ন সময়ে কোনও আপত্তি ছাড়াই দায়িত্ব পালন করেছেন।

অসম কংগ্রেসের প্রাক্তন সভাপতি ভূপেন বোরাহ গত সপ্তাহে দল ছেড়ে দেন। রাখঢাক না করেই তিনি বিধানসভা নির্বাচনের আগে তাঁর পদত্যাগের জন্য দলীয় সাংসদ রকিবুল হুসেনকে দায়ী করেন। বোরাহ অভিযোগ করেন যে, সাংসদ গৌরব গগৈ দলের রাজ্য সবাপতি হলেও হুসেনের হাতেই অসমে কংগ্রেসের আসল নিয়ন্ত্রণ রয়েছে। যদিও রাকিবুল হুসেন এখনও বোরাহর অভিযোগের প্রেক্ষিতে সরাসরি কোনও প্রতিক্রিয়া জানাননি। তবে দলে বিষয়টি নিয়ে কয়েক দিনের মধ্যেই আলোচনা হবে বে জানিয়েছেন তিনি।

ভূপেন বোরা তিন দশকেরও বেশি সময় ধরে কংগ্রেসের একজন কট্টর সাংগঠনিক নেতা ছিলেন। এনএসইউআই থেকে যুব কংগ্রেস এবং রাজ্য কংগ্রেসের ধাপে ধাপে উত্তোরণ ঘটেছিল তাঁর। পরে তিনি এআইসিসি সম্পাদকও হয়েছিলেন। কেবল অসমেই নয়, উত্তর-পূর্বের অন্যান্য রাজ্যেও দলীয় সংগঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন ভূপেন বোরাহ। তিনি গত বছরের মে মাস পর্যন্ত অসম কংগ্রেসের সভাপতি ছিলেন এবং তাঁর নেতৃত্বেই কংগ্রেস অসমে গত লোকসভা নির্বাচনে তিনটি লোকসভা আসন জিতেছিল।