আজকাল ওয়েবডেস্ক: পরপর কন্যাসন্তানের জন্ম দেওয়ায় পড়শিরা কটুক্তি করতেন। অপমান সহ্য করতে না পেরে চরম পদক্ষেপ করলেন দিল্লির ২৮ বছরের তরুণী। ছয়দিনের কন্যাসন্তানের শ্বাসরোধ করে খুন করলেন মা। শনিবার তাঁকে গ্রেপ্তার করেছে দিল্লি পুলিশ। জেরায় খুনের ঘটনাটি স্বীকার করে নিয়েছেন তিনি।
পুলিশ সূত্রে খবর, নৃশংস হত্যাকাণ্ডটি ঘটেছে দিল্লির দ্বারকা এলাকায়। আজ বিকেলেই থানায় ফোন করেছিলেন ঘাতক মা। প্রথমে জানান, তাঁর সদ্যোজাত সন্তান নিখোঁজ। ঘটনাস্থলে তড়িঘড়ি করে পৌঁছে খুদের খোঁজ শুরু করে পুলিশ। তরুণী পুলিশকে প্রথমে জানিয়েছেন, দুপুরে খাওয়ানোর পর তাঁর পাশেই সদ্যোজাত শুয়ে ছিল। দুই ঘণ্টা পর ঘুম ভাঙার পর মেয়েকে আর পাশে দেখতে পাননি তিনি। তারপরেই পুলিশকে খবর দেন।
বাড়িতে পুলিশ পৌঁছনোর পর সেলাই কাটানোর অজুহাতে হাসপাতালে যান তরুণী। সেই সময়েই তরুণীর বাড়ির পাশের ছাদে একটি বস্তা চোখে পড়ে পুলিশের। সেটি খুলতেই সদ্যোজাতকে দেখতে পায় তারা। দ্রুত ওই হাসপাতালেই নিয়ে যাওয়া হয়। চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন।
সদ্যোজাতর দেহটি ময়নাতদন্তের জন্য পাঠিয়েই তরুণীকে সন্দেহবশত আটক করে পুলিশ। প্রথমে নাকচ করলেও, জেরার চাপে পড়ে কান্নায় ভেঙে পড়েন তিনি। সদ্যোজাত কন্যাসন্তানকে শ্বাসরোধ করে খুনের ঘটনাটি স্বীকার করে নেন। কিন্তু খুনের নেপথ্যে কারণ কী? ঘাতক মা জানিয়েছেন, পড়শিরা পরপর কন্যাসন্তানের জন্মের পর কটুক্তি করতেন। অপমানে ছয়দিনের কন্যাসন্তানকে তিনি খুন করেছেন। তরুণীর আরও দুই কন্যাসন্তানের মৃত্যু হয়েছে আগেই। সেগুলোও খুনের ঘটনা কি না, তা খতিয়ে দেখছে পুলিশ।
