আজকাল ওয়েবডেস্ক: মুম্বইয়ের অদূরে উল্লাসনগরে হিল লাইন পুলিশের অভিযানে ভুয়ো পাসপোর্ট ব্যবহার করে ভারতে অবৈধভাবে বসবাসের অভিযোগে এক বাংলাদেশি পর্নোগ্রাফি অভিনেত্রীকে গ্রেপ্তার করা হয়েছে। পুলিশ সূত্রে জানা গেছে, গোপন তথ্যের ভিত্তিতে আম্বেরনাথ এলাকায় একটি বাংলাদেশি পরিবার ভুয়ো নথি নিয়ে বাস করছে এমন খবর পেয়ে তল্লাশি চালানো হয়। অভিযুক্ত ওই পর্ন তারকার নাম রিয়া বার্দে।

 

তদন্তের সময় পুলিশ জানতে পারে, অমরাবতীর এক বাসিন্দা অভিযুক্ত ওই পর্ন স্টার এবং তার তিন সঙ্গীর জন্য ভুয়ো পাসপোর্ট তৈরি করেছেন। এই ঘটনায় হিল লাইন পুলিশ অভিযুক্ত পর্নস্টার এবং তার সঙ্গীদের বিরুদ্ধে একাধিক ধারায় মামলা করেছে। জানা গিয়েছে, অভিযুক্তের বাবা-মা বর্তমানে কাতারে রয়েছেন। পুলিশ এই মামলায় বাকি চার অভিযুক্তের খোঁজে তল্লাশি চালাচ্ছে।

 

উল্লেখযোগ্য, চলতি বছরেই মহারাষ্ট্রের থানেতে ২৩ বছরের এক যুবতীর বিরুদ্ধে অভিযোগ উঠেছিল যে, তিনি ভুয়ো পাসপোর্ট ব্যবহার করে পাকিস্তানে গিয়েছিলেন। ওই যুবতীকে ভুয়ো পরিচয়পত্র তৈরি করতে সাহায্য করেছিলেন এক অজ্ঞাত ব্যক্তি, যার বিরুদ্ধেও মামলা করা হয়েছে।