আজকাল ওয়েবডেস্ক: বিশ্বজুড়ে মানুষের মানসিক স্বাস্থ্য ও সামাজিক বিচ্ছিন্নতা মাঝেমধ্যেই নানা আলোচনা শোনা যায়। সাম্প্রতিক একটি আন্তর্জাতিক গবেষণাতেও একইরকম উদ্বেগজনক তথ্য প্রকাশ্যে এসেছে। সেখানেই বিশ্বের অন্যতম জনবহুল দেশ ভারতকে পৃথিবীর দ্বিতীয় 'একাকী' দেশ হিসেবে চিহ্নিত করা হয়েছে। ডিজিটাল বিনোদন প্ল্যাটফর্ম 'জেবি ডট কম'-এর তরফে চলতি বছরের জুন মাসে প্রকাশিত একটি প্রতিবেদনে ৩৬টি দেশের মানুষের মানসিক সুস্থতা ও সামাজিক বিচ্ছিন্নতার হার খতিয়ে দেখা হয়েছে।
প্রতিবেদনে অনুযায়ী, ভারতের পারিবারিক কাঠামো এবং যৌথ পরিবার ব্যবস্থার ঐতিহ্য থাকা সত্ত্বেও, দেশের এক বিশাল অংশের মানুষ তীব্র একাকীত্ব ও মানসিক বিচ্ছিন্নতার সমস্যায় ভুগছেন।
গবেষণায় বিশ্বের একাধিক দেশের একাকীত্বের মাত্রা নির্ধারণ করতে একটি বিশেষ ‘লোনলিনেস স্কোর’ ব্যবহার করা হয়েছে। এই নম্বর দেওয়ার ক্ষেত্রে বেশ কয়েকটি বিষয়কে প্রাধান্য দেওয়া হয়েছে। যেমন- মানুষ কত ঘনঘন একাকী বা বিচ্ছিন্ন বোধ করেন, সমাজে আনন্দ এবং বিষাদের সামগ্রিক মাত্রা, ডিপ্রেশন বা অবসাদের হার, বর্তমান পারিবারিক কাঠামো ইত্যাদি। যে দেশের নম্বর যত বেশি, সেই দেশের মানুষ তত বেশি একাকীত্বের ভুগছেন বলে ধরা হয়েছে।
র্যাঙ্ক তালিকা অনুযায়ী কোন দেশ কোন স্থানে?
১। তুরস্ক-১০০ নম্বর।
২। ভারত-৮৯ নম্বর।
৩। ব্রাজিল-৮৬ নম্বর।
৪। সৌদি আরব-৮৫ নম্বর।
৫। দক্ষিণ আফ্রিকা-৮৩ নম্বর।
৬। সংযুক্ত আরব আমিরশাহী-৮২ নম্বর।
৭। ব্রিটেন-৮১ নম্বর।
৮। আমেরিকা-৮০ নম্বর।
৯। অস্ট্রেলিয়া-৭৮ নম্বর।
১০। ইন্দোনেশিয়া-৭৭নম্বর।
সমীক্ষায় দেখা গিয়েছে, ভারতের ৫৮ শতাংশ উত্তরদাতাই জানিয়েছেন তাঁরা প্রতিনিয়ত একাকীত্বে ভোগেন। ৩৪ শতাংশ মানুষ সমাজ থেকে নিজেদের বিচ্ছিন্ন বোধ করেন। উদ্বেগের বিষয়, ভারতের ৩৭ শতাংশ মানুষ প্রায়শই মারাত্মক অবসাদে ভোগেন বলে জানিয়েছেন-যা এই তালিকার শীর্ষ পাঁচটি দেশের মধ্যে সর্বোচ্চ।
সমীক্ষায় আরও জানানো হয়েছে, ভারতে একাকীত্ব কোনও শারীরিক দূরত্ব বা একা থাকার কারণে নয়, বরং মানসিক দূরত্বের কারণে তৈরি হচ্ছে।
সমীক্ষা থেকে আরও জানা গিয়েছে, ভারতের মাত্র ৩.৭ শতাংশ মানুষ একক পরিবারে থাকেন। দেশের গড় পরিবারগুলিতে সদস্য সংখ্যা চার বা তার বেশি। এর অর্থ, ভারতের মানুষজন পরিবারের সঙ্গে এক ছাদের নীচে থেকেও মানসিকভাবে একে অপরের থেকে বিচ্ছিন্ন বোধ করছেন। ফলে এই একাকীত্ব পুরোটাই মনস্তাত্ত্বিক।
এই তালিকায় একেবারে বিপরীত প্রান্তে, অর্থাৎ বিশ্বের সবচেয়ে কম একাকী দেশের তকমা পেয়েছে উজবেকিস্তান এবং নেদারল্যান্ডস। এই দুই দেশের মানুষের মধ্যে সামাজিক বিচ্ছিন্নতার হার যেমন কম, তেমনই আনন্দে থাকা মানুষের সংখ্যা বেশি। এছাড়া কানাডা এবং থাইল্যান্ড-এর নামও রয়েছে বিশ্বের একাকী দেশের তালিকায়।















