নিতাই দে: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বে 'বিকশিত ভারত' গঠনের লক্ষ্যে দেশ নতুন উচ্চতায় পৌঁছাচ্ছে। একইসঙ্গে উত্তর-পূর্বাঞ্চলও উন্নয়নের নতুন দিগন্ত স্পর্শ করেছে।
কেন্দ্রীয় সরকারের ১২ বছর পূর্তি উপলক্ষে আগরতলায় আয়োজিত রাজ্যভিত্তিক জনকল্যাণ শিবিরের উদ্বোধনী অনুষ্ঠানে এমনই মন্তব্য করেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী অধ্যাপক ডা. মানিক সাহা। রবিবার আগরতলার রবীন্দ্র শতবার্ষিকী ভবনে কেন্দ্রীয় বন্দর, জাহাজ পরিবহণ ও জলপথ মন্ত্রী সর্বানন্দ সোনোয়াল এর উপস্থিতিতে তিনদিনব্যাপী রাজ্যভিত্তিক জনকল্যাণ শিবিরের সূচনা হয়।
অনুষ্ঠানে রাজ্যের মুখ্যমন্ত্রী প্রফেসর ডা: মানিক সাহা বলেন, ২০১৪ সালের আগে উত্তর-পূর্বাঞ্চল বিভিন্ন ক্ষেত্রে পিছিয়ে থাকলেও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বে আজ ত্রিপুরাসহ সমগ্র নর্থইস্ট দ্রুত উন্নয়নের পথে এগিয়ে চলেছে।
মুখ্যমন্ত্রী বলেন, কেন্দ্রীয় সরকারের ১২ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত এই শিবিরে সাধারণ মানুষ বিভিন্ন জনকল্যাণমূলক প্রকল্পের সুবিধা গ্রহণ করতে পারবেন। এর মধ্যে রয়েছে আয়ুষ্মান ভারত, পিএম সূর্যঘর, আয়ুষ্মান বয় বন্দনা, পিএম স্বনিধি, লাখপতি দিদি এবং ভিবি-জি রামজি প্রকল্প। পাশাপাশি পিআরটিসি, জন্ম ও মৃত্যুর শংসাপত্র এবং দিব্যাঙ্গদের বিভিন্ন সহায়তা সংক্রান্ত নিবন্ধনের ব্যবস্থাও রাখা হয়েছে।
অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে কেন্দ্রীয় মন্ত্রী সর্বানন্দ সোনোয়াল বলেন, "প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বে গত ১২ বছরের ‘বিশ্বাস, বিকাশ ও জনকল্যাণ’-এর যাত্রা ভারত ও উত্তর-পূর্বাঞ্চলের উন্নয়নে যুগান্তকারী পরিবর্তন এনেছে।" তিনি বলেন, ‘বিকশিত ভারত’-এর স্বপ্ন বাস্তবায়নের জন্য যে শক্ত ভিত প্রয়োজন, তা ইতিমধ্যেই গড়ে উঠেছে।
উত্তর-পূর্বাঞ্চল আজ দেশের মূলধারার উন্নয়নের অন্যতম চালিকাশক্তি হিসেবে আত্মপ্রকাশ করেছে। সোনোয়াল আরও বলেন, প্রধানমন্ত্রী মোদির দূরদর্শী নেতৃত্বে উত্তর-পূর্বাঞ্চলকে প্রকৃত অর্থেই ভারতের ‘অষ্টলক্ষ্মী’ হিসেবে গড়ে তোলা হচ্ছে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিজেপি ত্রিপুরা প্রদেশ সভাপতি তথা বিধায়ক অভিষেক দেবরায়, আগরতলা পৌর নিগমের মেয়র দীপক মজুমদার , তথ্য ও সংস্কৃতি দপ্তরের সচিব প্রদীপ চক্রবর্তী সহ রাজ্য সরকারের বিভিন্ন দপ্তরের ঊর্ধ্বতন আধিকারিকরা। তিনদিন ব্যাপী রাজ্যভিত্তিক জনকল্যাণ শিবির সূচনার আগে কেন্দ্রীয় মন্ত্রী সর্বনন্দ সোনোয়াল পশ্চিম ত্রিপুরা জেলার নতুননগর গার্লস এইচ.এস. স্কুলে বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ গ্রহণ করেন।
পরিবেশ সংরক্ষণ ও সবুজায়নের বার্তা নিয়ে নতুননগর গার্লস এইচ.এস. স্কুলে বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশগ্রহণ করেন সর্বানন্দ সনোয়াল এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শিক্ষা দপ্তরের সচিব মিলিন্ড রামটেক পশ্চিম জেলার জেলাশাসক ডা:বিশাল কুমার , রাজ্য বিজেপির সাধারণ সম্পাদক বিপিন দেববর্মা সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ।
বৃক্ষরোপণ কর্মসূচি শেষে কেন্দ্রীয় মন্ত্রী নতুননগর গার্লস এইচ.এস. স্কুল পরিদর্শন করেন এবং স্কুলের বিভিন্ন পরিকাঠামো ও শিক্ষাব্যবস্থা সম্পর্কে খোঁজখবর নেন।
পরিদর্শন শেষে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে তিনি বলেন, পরিবেশ রক্ষার লক্ষ্যে দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি “এক পেড় মা কে নাম”- কর্মসূচি গ্রহণ করেছেন। এই উদ্যোগের মাধ্যমে দেশবাসীকে বেশি করে গাছ লাগানোর আহ্বান জানানো হচ্ছে, যাতে পরিবেশের ভারসাম্য রক্ষা করা যায় এবং আগামী প্রজন্মের জন্য একটি সবুজ ও সুস্থ পৃথিবী গড়ে তোলা সম্ভব হয়।















