এবার থেকে মেঘালয়ে বেড়াতে যেতে হলে সরকারি অনুমতিপত্র বা ‘ইনার লাইন পারমিট’ (আইএলপি)। শিলং, চেরাপুঞ্জি কিংবা মৌসিনরামের টানে যাঁরা সেখানে যাওয়ার পরিকল্পনা করছেন, তাঁদের প্রত্যেককে প্রথমে নাম নথিভুক্ত বা রেজিস্ট্রেশন করতে হবে।
2
12
জানাতে হবে ভ্রমণের আসল উদ্দেশ্যও। সমস্ত নথিপত্র খতিয়ে দেখে রাজ্য প্রশাসন সবুজ সংকেত দিলে তবেই মিলবে মেঘালয়ে প্রবেশের ছাড়পত্র।
3
12
রাজ্যের পর্যটনমন্ত্রী টিমোথি ডি শিরা স্পষ্ট জানিয়েছেন, খুব শীঘ্রই এই নতুন নিয়ম কার্যকর করা হচ্ছে। মূলত মেঘালয়ের নিরাপত্তা সুনিশ্চিত করতে এবং বহিরাগত অনুপ্রবেশ রুখতেই এই কড়া পদক্ষেপ নেওয়া হচ্ছে বলে প্রশাসন সূত্রে খবর।
4
12
মেঘালয় পর্যটন দপ্তর সূত্রে জানা গিয়েছে, পর্যটকদের সুবিধার্থে প্রথম রেজিস্ট্রেশন ক্যাম্পটি তৈরি করা হচ্ছে রি-ভোই জেলার উমলিংয়ে। এর পর গারো পাহাড়-সহ রাজ্যের বিভিন্ন প্রবেশপথে এই ধরনের আরও বেশ কয়েকটি ক্যাম্প খোলা হবে। পর্যটকদের সেখানে গিয়েই যাবতীয় সরকারি প্রক্রিয়া সম্পন্ন করতে হবে।
5
12
মেঘালয় সরকারের এই আকস্মিক সিদ্ধান্তে পর্যটন মহলে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে।
6
12
উত্তর-পূর্ব ভারতের পর্যটন নিয়ে দীর্ঘ দিন ধরে কাজ করা ‘অ্যাসোসিয়েশন ফর কনজারভেশন অ্যান্ড ট্যুরিজম’-এর কনভেনর রাজ বসু বলেন, "রাজ্যের নিরাপত্তার স্বার্থে আইএলপি চালুর সিদ্ধান্তকে স্বাগত। তবে দেখতে হবে এর কারণে পর্যটকরা যেন কোনও রকম হয়রানির শিকার না হন। রেজিস্ট্রেশন প্রক্রিয়াটি যতটা সম্ভব সরল ও সহজ রাখা উচিত।"
7
12
অন্য দিকে, ‘হিমালয়ান হসপিটালিটি অ্যান্ড ট্যুরিজম ডেভেলপমেন্ট নেটওয়ার্ক’-এর সাধারণ সম্পাদক সম্রাট সান্যাল জানান, নতুন এই নিয়ম চালু না হওয়া পর্যন্ত এর ভালো-মন্দ বিচার করা কঠিন।
8
12
এত দিন পর্যটকরা যে ভাবে অনায়াসে মেঘালয় ঘুরে বেড়াতেন, নতুন নিয়মে সেই স্বাধীনতায় কিছুটা হলেও রাশ পড়বে। বিশেষ করে রাস্তায় পর্যটকদের বাড়তি সময় নষ্ট হওয়ার একটা আশঙ্কা থেকেই যাচ্ছে।
9
12
শুধুমাত্র প্রবেশপথেই নয়, মেঘালয়ে পা রাখার পর পর্যটকদের গতিবিধির উপর ডিজিটাল নজরদারিও বাড়াচ্ছে রাজ্য সরকার।
10
12
ইতিমধ্যেই রাজ্যের সমস্ত হোটেল, হোমস্টে এবং গেস্ট হাউস কর্তৃপক্ষকে কড়া নির্দেশ দেওয়া হয়েছে যে, প্রতিদিনের পর্যটকদের যাবতীয় খুঁটিনাটি তথ্য বাধ্যতামূলকভাবে সরকারি পোর্টালে আপলোড করতে হবে।
11
12
শিলংয়ের হোটেল ব্যবসায়ী অভিজিৎ দত্ত জানান, এখন নিয়ম মেনেই প্রতিদিন পর্যটকদের তথ্য অনলাইনে আপলোড করা হচ্ছে। তবে নতুন করে আইএলপি চালুর সিদ্ধান্ত নিয়ে তাঁদের মনে কিছুটা হলেও সংশয় ও উদ্বেগ তৈরি হয়েছে।
12
12
উল্লেখ্য, উত্তর-পূর্ব ভারতের অরুণাচল প্রদেশ, নাগাল্যান্ড, মণিপুর এবং মিজোরামে বহু আগে থেকেই আইএলপি ব্যবস্থা চালু রয়েছে। এবার পর্যটনে রাশ টানতে ও রাজ্যের নিরাপত্তার কথা মাথায় রেখে সেই একই পথে হাঁটল 'পাহাড়ের রানী' মেঘালয়।