ট্রেনে যাত্রা আরও সহজ করতে বড় পদক্ষেপ নিল ভারতীয় রেল। ৩১ জুলাই থেকে যাত্রীরা সংরক্ষিত টিকিট বুক করার সময়ই অনলাইনে অতিরিক্ত লাগেজ বুক করার সুবিধা পাবেন।
2
11
এতদিন নির্ধারিত বিনামূল্যের সীমার বেশি মালপত্র বহন করতে হলে স্টেশনের পার্সেল অফিসে গিয়ে আলাদা করে বুকিং করতে হত। নতুন ব্যবস্থায় সেই ঝক্কি অনেকটাই কমবে। বিশেষত যাঁরা দীর্ঘ দূরত্বে বেশি লাগেজ নিয়ে সফর করেন, তাঁদের জন্য এই পরিষেবা অত্যন্ত সুবিধাজনক হতে চলেছে।
3
11
রেলের তরফে জানানো হয়েছে, এই সুবিধা শুধুমাত্র কনফার্মড রিজার্ভেশন থাকা যাত্রীদের জন্য প্রযোজ্য হবে। টিকিট বুকিংয়ের সময়ই যাত্রীরা অতিরিক্ত লাগেজের পরিমাণ ঘোষণা করতে পারবেন এবং প্রয়োজনীয় বুকিং সম্পন্ন করতে পারবেন। এর ফলে যাত্রার আগে অতিরিক্ত কাগজপত্র বা আলাদা লাইনে দাঁড়ানোর প্রয়োজন অনেকটাই কমে যাবে।
4
11
অনলাইনে লাগেজ বুক করতে যাত্রীদের www.parcel.indianrail.gov.in পোর্টালে গিয়ে প্রথম রেজিস্ট্রেশন ও লগ-ইন করতে হবে। এরপর যাত্রার শুরু ও গন্তব্য স্টেশনের নাম, ট্রেনের বিবরণ এবং পার্সেলের তথ্য দিয়ে ফরওয়ার্ডিং নোট পূরণ করতে হবে।
5
11
সিস্টেম স্বয়ংক্রিয়ভাবে আনুমানিক ভাড়া দেখিয়ে দেবে। অনলাইনে আবেদন জমা দেওয়ার পর তার প্রিন্ট কপি নিয়ে যাত্রার স্টেশনের পার্সেল অফিসে লাগেজ জমা দিতে হবে। সেখানে রেলকর্মীরা লাগেজের ওজন মেপে চূড়ান্ত চার্জ নির্ধারণ করবেন।
6
11
নির্ধারিত অর্থ জমা দেওয়ার পর যাত্রীকে রেলওয়ে রিসিপ্ট দেওয়া হবে। এই রিসিপ্ট ব্যবহার করেই গন্তব্য স্টেশন থেকে লাগেজ সংগ্রহ করা যাবে। এছাড়াও Track & Trace পরিষেবার মাধ্যমে অনলাইনে লাগেজের অবস্থান জানা যাবে এবং গন্তব্যে পৌঁছালে এসএমএস-ও পাঠানো হবে।
7
11
রেল বিভিন্ন শ্রেণির জন্য বিনামূল্যে বহনযোগ্য লাগেজের সীমাও স্পষ্ট করেছে। এসি ফার্স্ট ক্লাসে একজন যাত্রী বিনামূল্যে ৭০ কেজি পর্যন্ত লাগেজ বহন করতে পারবেন। অতিরিক্ত চার্জ দিয়ে সর্বোচ্চ ১৫০ কেজি পর্যন্ত নেওয়া যাবে।
8
11
ফার্স্ট ক্লাস ও এসি টু-টিয়ারে বিনামূল্যে ৫০ কেজি এবং সর্বোচ্চ ১০০ কেজি পর্যন্ত লাগেজ বহনের অনুমতি থাকবে। স্লিপার ক্লাসে বিনামূল্যে ৪০ কেজি এবং অতিরিক্ত চার্জ দিয়ে সর্বোচ্চ ৮০ কেজি পর্যন্ত লাগেজ নেওয়া যাবে। সেকেন্ড ক্লাসে বিনামূল্যে ৩৫ কেজি এবং সর্বোচ্চ ৭০ কেজি পর্যন্ত লাগেজ বহনের অনুমতি রয়েছে।
9
11
অন্যদিকে এসি থ্রি-টিয়ার এবং এসি চেয়ার কারে সর্বোচ্চ ৪০ কেজি পর্যন্ত লাগেজ বহনের অনুমতি থাকলেও এই শ্রেণিতে বিনামূল্যের সীমা ও সর্বোচ্চ অনুমোদিত সীমা একই হওয়ায় অতিরিক্ত লাগেজ বুক করার সুযোগ থাকবে না।
10
11
লাগেজের আকার নিয়েও নতুন নির্দেশিকা জারি করেছে ভারতীয় রেল। এসি থ্রি-টিয়ার ও এসি চেয়ার কারে ব্যাগের সর্বোচ্চ মাপ হতে হবে ৫৫ সেমি × ৪৫ সেমি × ২২.৫ সেমি। অন্যদিকে এসি ফার্স্ট ক্লাস, এসি টু-টিয়ার, স্লিপার ও সাধারণ শ্রেণিতে সর্বোচ্চ ১০০ সেমি × ৬০ সেমি × ২৫ সেমি আকারের লাগেজ বহন করা যাবে।
11
11
অতিরিক্ত লাগেজের ক্ষেত্রে স্বাভাবিক লাগেজ ভাড়ার দেড় গুণ চার্জ নেওয়া হবে। সর্বনিম্ন চার্জ ৩০ টাকা, যা ১০ কেজির স্ল্যাব অনুযায়ী গণনা করা হবে। পাশাপাশি সর্বনিম্ন ৫০ কিলোমিটার দূরত্ব ধরে ভাড়া নির্ধারণ করা হবে। নতুন এই ডিজিটাল পরিষেবার মাধ্যমে যাত্রীদের সময় বাঁচবে, পার্সেল বুকিং আরও স্বচ্ছ হবে এবং স্টেশনগুলিতে ভিড়ও কমবে বলে মনে করছে ভারতীয় রেল।