ভোটের হাওয়া বইতে শুরু করেছে দেশজুড়ে। কয়েক মাসের মধ্যেই পশ্চিমবঙ্গ, তামিলনাড়ু, কেরল, অসম—চার রাজ্যে বিধানসভা নির্বাচন। সঙ্গে পুদুচেরিতেও ভোট। এমন সময়ে রাজনীতি, ক্ষমতার লড়াই আর নৈতিক টানাপোড়েনকে বড়পর্দায় দেখার এর চেয়ে ভাল সময় আর হয় না।
2
10
ভারতীয় সিনেমা বারবার এই রাজনৈতিক নাটককে ধরেছে নানা দৃষ্টিকোণ থেকে। নির্বাচন, দুর্নীতি, ক্ষমতার খেলা সব মিলিয়ে তৈরি হয়েছে কিছু অবিস্মরণীয় ছবি। ভোটের মরশুমের আগে দেখে নিন সেই ৭টি মাস্ট-ওয়াচ সিনেমা
3
10
নায়ক: দ্য রিয়েল হিরো (২০০১)
একদিনের জন্য মুখ্যমন্ত্রী! অনিল কাপুরের এই ছবিতে দেখা যায়, একজন সাধারণ মানুষ যদি হঠাৎ ক্ষমতায় আসে, তাহলে কী হতে পারে। বিনোদন আর তীক্ষ্ণ রাজনৈতিক বার্তার মিশেলে এই ছবি আজও প্রাসঙ্গিক। রানি মুখোপাধ্যায় ও অমরিশ পুরীর উপস্থিতি ছবিকে আরও শক্তিশালী করেছে।
4
10
যুবা (২০০৪)
মণিরত্নম পরিচালিত এই ছবিতে তিন যুবকের গল্প একসূত্রে গাঁথা। অজয় দেবগণ, অভিষেক বচ্চন, বিবেক ওবেরয়—তিনজনের ভিন্ন পথ, কিন্তু একটাই গন্তব্য—রাজনীতি। ছাত্র রাজনীতি, দুর্নীতি আর যুবশক্তির প্রভাব, সবই উঠে এসেছে তীক্ষ্ণভাবে।
5
10
সরকার (২০০৫)
বল ঠাকরের জীবন থেকে অনুপ্রাণিত এই ছবিতে রাজনীতি আর অপরাধের অদ্ভুত ককটেল। অমিতাভ বচ্চনের সুভাষ নাগরে চরিত্রটি যেন ক্ষমতার এক বিকল্প সংজ্ঞা। সঙ্গে অভিষেক বচ্চন, কে কে মেনন—সব মিলিয়ে এক গা ছমছমে রাজনৈতিক দুনিয়া।
6
10
রাজনীতি (২০১০)
মহাভারতের ছায়ায় তৈরি আধুনিক রাজনৈতিক মহাকাব্য। রণবীর কাপুর, ক্যাটরিনা কাইফ, মনোজ বাজপেয়ীর শক্তিশালী অভিনয় এই ছবিকে অন্য উচ্চতায় নিয়ে যায়। পরিবারতন্ত্র, ষড়যন্ত্র আর ক্ষমতার নেশা সবই আছে। শোনা যাচ্ছে, ‘রাজনীতি ২’-ও তৈরি হচ্ছে!
7
10
মাদ্রাজ ক্যাফে (২০১৩)
জন আব্রাহামের এই থ্রিলার আপনাকে নিয়ে যাবে শ্রীলঙ্কার গৃহযুদ্ধ আর রাজীব গান্ধী হত্যার প্রেক্ষাপটে। গুপ্তচরবৃত্তি, ভূ-রাজনীতি আর কঠিন রাজনৈতিক সিদ্ধান্তের মূল্য, সব মিলিয়ে টানটান উত্তেজনার ছবি।
8
10
সত্যাগ্রহ (২০১৩)
প্রকাশ ঝা পরিচালিত এই ছবিতে উঠে এসেছে দুর্নীতিবিরোধী আন্দোলনের ঝড়। অমিতাভ বচ্চন, অজয় দেবগণ, করিনা কাপুর—দারুণ অভিনয়ে তৈরি হয়েছে জনরোষ আর সিস্টেমের বিরুদ্ধে লড়াইয়ের গল্প।
9
10
নিউটন (২০১৭)
রাজকুমার রাওয়ের অসাধারণ অভিনয়ে তৈরি এক ভীষণ বাস্তবধর্মী ছবি। সংঘর্ষপূর্ণ এলাকায় সুষ্ঠু নির্বাচন করানোর লড়াই, এ যেন গণতন্ত্রের সবচেয়ে কঠিন পরীক্ষার গল্প। শান্ত অথচ তীক্ষ্ণ প্রশ্ন ছুঁড়ে দেয় এই সিনেমা।
10
10
ভোট মানেই শুধু ব্যালট নয়. এর মধ্যে লুকিয়ে থাকে ক্ষমতা, আদর্শ, লড়াই আর অসংখ্য গল্প। এই সিনেমাগুলো সেই গল্পগুলোকেই সামনে আনে. কখনও তীব্র, কখনও নীরব, কিন্তু সবসময়ই প্রাসঙ্গিক।