বিতর্কের মুখে অভিনেতা মনোজ বাজপেয়ী অভিনীত নতুন ছবি ‘ঘুষখোর পণ্ডিত’। সিনেমার শিরোনাম ও কিছু অংশ ব্রাহ্মণ সমাজের প্রতি অসম্মান প্রদর্শন করছে, এই নিয়ে উঠেছে অভিযোগ। বৃহস্পতিবারই দিল্লি হাইকোর্টে এই ছবির বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে। এবার আইনের আওতায় ব্যবস্থা নিতে পুলিশকে নির্দেশ দিয়েছেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ।

লখনউয়ের হজরতগঞ্জ থানায় ছবির পরিচালক নীরজ পান্ডে ও প্রযোজক দলের বিরুদ্ধে এফআই দায়ের করা হয়েছে। পুলিশ জানিয়েছে, অভিযোগকারীরা মনে করছেন সিনেমার শিরোনাম এবং সম্ভাব্য কন্টেন্ট একটি সম্প্রদায়ের মর্যাদা ক্ষুণ্ণ করছে। বিশেষ করে ‘পণ্ডিত’ শব্দটি ঐতিহ্যগতভাবে শিক্ষিত ও নৈতিক মানুষের সঙ্গে যুক্ত। কিন্তু ‘ঘুষখোর’ শব্দটি যুক্ত হওয়ায় তা সামাজিকভাবে বিভ্রান্তি ও অসন্তোষের কারণ হতে পারে।

এই বিতর্কে সোশ্যাল মিডিয়াও সরব। নেটিজেনদের একাংশের দাবি,সিনেমার নাম পরিবর্তন করা উচিত, কারণ একটি সম্প্রদায়ের সঙ্গে দুর্নীতিকে যুক্ত করা ঠিক নয়। কেউ লিখেছেন, “চরিত্র বা গল্পের জন্য নাম ব্যবহার করা যেতে পারে, কিন্তু তা যেন কোনও সম্প্রদায়ের সম্মানকে আঘাত না করে।” 

পরিচালক নীরজ পান্ডে এই বিষয়ে বিবৃতি দিয়েছেন। তিনি বলেছেন, “আমাদের সিনেমা সম্পূর্ণ কাল্পনিক। ‘পণ্ডিত’ শব্দটি শুধু চরিত্রের নাম। আমরা কোনও সম্প্রদায়ের প্রতি অসম্মান দেখাতে চাইনি।” তিনি আরও জানিয়েছেন যে প্রোমোশনাল কন্টেন্ট সাময়িকভাবে তুলে নেওয়া হয়েছে যাতে দর্শক পুরো সিনেমা দেখে সঠিক প্রেক্ষাপটে মূল্যায়ন করতে পারে।

এদিকে এফআইআর দায়ের এবং আদালতে আবেদন দাখিলের কারণে বিতর্ক এখনও চলছে। সিনেমার মুক্তি এবং বিতর্ক কীভাবে সমাধান হয়, সেদিকে তাকিয়ে সিনেপ্রেমীরা। একদিকে ছবির কাহিনি ও অভিনয় প্রশংসা পাচ্ছে, অন্যদিকে শিরোনাম নিয়ে বিতর্ক সামাজিক ও রাজনৈতিক দৃষ্টিকোণ থেকে আলোচনার বিষয় হয়ে দাঁড়িয়েছে।