২০২৫ এর জন্মদিনে অর্থাৎ ২৫ ডিসেম্বর যখন একদিকে প্রজাপতি ২ মুক্তি পেয়েছিল, তখন আরেকদিকে দেব ঘোষণা করেন তাঁর আগামী ছবি 'বাইক অ্যাম্বুলেন্স দাদা'র কথা। এবার বছরের প্রথম দিনই এই ছবির মুক্তির দিন ঘোষণা করলেন টলিউডের 'মেগাস্টার'। দেব ২০২৬ এর ১ জানুয়ারি 'বাইক অ্যাম্বুলেন্স দাদা' ছবির পোস্টার ভাগ করে লেখেন, 'রাস্তার ধুলোয় লেখা এক নীরব বিপ্লব।' একই সঙ্গে জানান এই ছবিটি তাঁর ৫০ তম ছবি হতে চলেছে।


ইতিমধ্যেই এই ছবি ঘিরে উত্তেজনা ছড়িয়েছে দর্শক মহলে। জানা যাচ্ছে, ছবিতে গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে অভিনেতা লোকনাথ দেকে। জানা যাচ্ছে, ছবিতে ইতিবাচক চরিত্রে থাকবেন তিনি। ছবিতে দেবকে সমর্থন করতে দেখা যাবে তাঁকে। উত্তরবঙ্গ ও কলকাতার বিভিন্ন অঞ্চল মিলিয়ে চলবে শুটিং। লোকনাথ দেকে বিভিন্ন ছবি ও সিরিজে বিভিন্ন চরিত্রে দেখে দর্শক দারুণ ভালবাসা দিয়েছেন। তাই তাঁর আগামী কাজের জন্য দর্শকের প্রত্যাশাও থাকে চূড়ান্ত।

 

২০০৬ সালে অগ্নিশপথ ছবির হাত ধরে বাংলা ছবির জগতে পা রাখেন দেব। এরপর চ্যালেঞ্জ নিবি না শালা বলে আদতেই চ্যালেঞ্জ নিয়ে নিজেকে ভেঙে নতুন করে গড়ে একের পর এক ব্লকবাস্টার ছবি উপহার দিয়ে গিয়েছেন। বাণিজ্যিক ছবির পাশাপাশি অন্য ধারার ছবিও করেছেন। আর সেই তালিকায় ৫০ তম ছবি হিসেবে জুড়তে চলেছে 'বাইক অ্যাম্বুলেন্স দাদার নাম'। 


'বাইক অ্যাম্বুলেন্স দাদা' ছবিটিতে উঠে আসবে উত্তরবঙ্গের করিমুল হকের জীবনী, যিনি বাইকে করে প্রত্যন্ত গ্রামের বহু মুমূর্ষু রোগীকে হাসপাতালে পৌঁছে দিয়ে প্রাণ বাঁচিয়েছেন। ছবিটির পরিচালনা করবেন বিনয় মুদগিল। বাইক অ্যাম্বুলেন্স দাদার শর্ট ফর্ম হিসেবে বিএডি লেখা হচ্ছে নির্মাতাদের তরফে। এই ছবিটি দেব এন্টারটেইনমেন্ট ভেঞ্চার্স এবং নন্দী মুভিজের তরফে প্রযোজনা করা হবে। প্রদীপ কুমার নন্দী, গুরুপদ অধিকারী, দেব অধিকারী নিবেদনা করবেন ছবিটির। 


বছরের প্রথম দিন দর্শক এবং নেটিজেনদের সঙ্গে এই সুখবর ভাগ করে নিতেই দারুণ সাড়া পেয়েছেন দেব। অনেকেই জানিয়েছেন তাঁরা মুখিয়ে রয়েছেন এই ছবিটির জন্য। জানা যাচ্ছে, এই ছবিতে দেবের বিপরীতে দেখা যেতে পারে রুক্মিণী মৈত্রকেও। অন্যদিকে, ছোটপর্দার জনপ্রিয় মুখ অঙ্কিতা মল্লিককেও এই ছবিতে দেখতে পাওয়ার কথা ছিল। তবে কি এবারও দুই নায়িকার সঙ্গেই রোম্যান্স করবেন দেব? সেটা জানার অপেক্ষায় অনুরাগীরা।