কিছুদিন আগেই টানটান উত্তেজনাপূর্ণ পর্ব চলেছে স্টার জলসার ধারাবাহিক 'চিরসখা'য়। দুষ্কৃতীদের করা অত্যাচারের মানসিক যন্ত্রণা সবেই যখন মিঠি ভুলতে শুরু করেছিল সেই সময়ই হঠাৎই সে অসুস্থ হয়ে পড়ে। শুরু হয় নাগাড়ে বমি করা। বাধ্য হয়ে কমলিনী এবং তার বাড়ির লোক মেয়েকে নিয়ে ডাক্তারের কাছে ছোটে সে গর্ভবতী সন্দেহ করে। এদিকে কৃশানুর বাড়ির লোক তাদের বাড়িতে আসে বিয়ের কথা বলতে। কিন্তু শেষ পর্যন্ত কি বিয়েটা হবে তার মিঠির সঙ্গে?
এই প্রশ্নের উত্তর কিছুদিন আগেই দর্শক পেয়েছেন। মিঠি অন্তঃসত্ত্বা নয়, তার টিউমার ধরা পড়েছে। এই কথা জানার পর ভয় কেটেছে বাড়ির সবার। স্বস্তির নিঃশ্বাস ফেলেছে কমলিনী ও স্বতন্ত্র। এদিকে, মিঠি ও কৃশানুর মিষ্টি মুহূর্ত দেখানো হবে আগামী পর্বে। তারা হানিমুন নিয়ে আলোচনা করে। কৃশানুর খুনসুটিতে লজ্জায় লাল হয়ে ওঠে মিঠি।
এদিকে, মিঠিকে নিয়ে চিন্তা কমলেও মন যেন মানতেই চায় না কমলিনীর। কমলিনীকে মন খারাপ করতে দেখে সন্দেহ হয় স্বতন্ত্রর। তার মনে হতে থাকে কমলিনী যেন তাকে এড়িয়ে যেতে চাইছে। মনে সন্দেহ চেপে না রেখে স্বতন্ত্র তাকে জিজ্ঞেস করে কেন এমন করছে? জবাবে কমলিনী চুপ করে থাকে। কিন্তু স্বতন্ত্র বুঝতে পারে যে সমাজের বাধা এখনও মনে মনে মেনে চলে কমলিনী। তাই না চাইতেও তাকে এড়িয়ে চলে সে। কিন্তু তাদের এই দূরত্ব কী করে ঘুচবে? কবে মিল হবে স্বতন্ত্র আর কমলিনীর? উত্তর মিলবে ধারাবাহিকের আগামী পর্বে।
কিছুদিন আগে গল্পে দেখানো হয়েছিল বিয়ের কথা বলতে কৃশানু তার বাড়ির লোকজন নিয়ে কমলিনীদের বাড়ি এসেছে। এদিকে ফের অসুস্থবোধ করতে শুরু করে সে। মনে মনে বলে ফের বমি পাচ্ছে। আর তার চোখ মুখ দেখেই কৃশানুর বাড়ির লোক বোঝে যে কিছু হয়েছে। জানতে চায় কী সমস্যা। জবাবে কমলিনী বলে ওঠে, তাঁর মেয়ে অসুস্থ। কিন্তু বৃষ্টি কি এত সহজে ছাড়ে, অশান্তি পাকানোর সুযোগ পেয়ে? জানিয়ে দেয়, বিগত কিছু দিন ধরেই মিঠি বমি করছে। আর সেই সময়ই মিঠি ছুটে বাথরুমে যায়। তবে কি এবার তার বিয়ের আগেই গর্ভবতী হওয়ার কথা জেনে যাবে কৃশানুর বাড়ির লোক? আদৌ কি এই বিয়ে হবে? তবে জানা গিয়েছিল মিঠির টিউমার ধরা পড়েছে। যার অপারেশন করলেই সে ঠিক হয়ে যাবে।
