আরব সাগরে লক্ষ ঢেউ। কোনও ঢেউ ভাঙে, কোন ঢেউ গড়ে... জানতে পারেন কেউ? মায়ানগরীর আনাচেকানাচে গুনগুন, ফিসফাস। খবরের কানাকানিতে থমকে বাতাস। সারা দিনের খবরাখবর শেষবেলায় আজকাল ডট ইনের পাতায়...

অভিষেকের জন্মদিনে বিশেষ বার্তা ঐশ্বর্যার

অভিষেক বচ্চনের ৫০তম জন্মদিনে তাঁকে শুভেচ্ছা জানালেন ঐশ্বর্যা রাই বচ্চন। বৃহস্পতিবার ইনস্টাগ্রামে একটি বিশেষ পোস্ট শেয়ার করে অভিষেকের ছোটবেলার একটি পুরনো ছবি সামনে আনেন তিনি তিনি।

অভিষেকের জন্মদিনে ঐশ্বর্যার শেয়ার করা ছবিটি ছিল সাদা-কালো। সেখানে ছোটবেলার অভিষেকের চোখের অংশটুকুই দেখা যায়। ক্যামেরায় ধরা পড়ে নিষ্পাপ দৃষ্টি। ছবিটির সঙ্গে স্বামীর প্রতি ভালবাসা উজার করে দেন ঐশ্বর্যা।

পোস্টের ক্যাপশনে তিনি আরও লেখেন, ‘ভালবাসা, শান্তি, সুখ, তৃপ্তি আর সুস্বাস্থ্য তোমায় ঘিরে থাকুক। ঈশ্বর তোমাকে আশীর্বাদ করুন। সব সময় এমনই সোনার মতো উজ্জ্বল থেকো, আলো ছড়াতে থাকো।’

২০০৭ সালে বিবাহবন্ধনে আবদ্ধ হন অভিষেক ও ঐশ্বর্য। ২০১১ সালের নভেম্বরে তাঁদের কন্যাসন্তান আরাধ্যার জন্ম হয়।

অভিনয়ে হাতেখড়ি সুনীতার

গোবিন্দার স্ত্রী সুনীতা আহুজা নাকি খুব শীঘ্রই অভিনয় জগতে পা রাখতে চলেছেন। শোনা যাচ্ছে, তিনি তাঁর প্রথম ছবির চুক্তি সই করেছেন। এই ছবিটি প্রেজেন্ট করবে বালাজি মোশন পিকচার্স এবং প্রযোজনার দায়িত্বে রয়েছেন একতা কাপুর।

এক সর্বভারতীয় সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, ছবিতে একটি গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে সুনীতাকে। এবং প্রায় ২০ দিনের শুটিং রয়েছে তাঁর। যদিও তাঁর অভিনয়ে অভিষেক নিয়ে এখনও বিস্তারিত কিছু জানা যায়নি। তবু এই খবর প্রকাশ্যে আসতেই সোশ্যাল মিডিয়ায় জোর চর্চা শুরু হয়েছে।

অভিনয়ে ফিরে আবেগঘন রিয়া

এছাড়াও সূত্রের দাবি, একতা কাপুরের রিয়্যালিটি শো ‘লক আপ’-এর দ্বিতীয় সিজনেও দেখা যেতে পারে সুনীতাকে। সম্প্রতি নেটফ্লিক্সের ২০২৬ সালের স্লেট ঘোষণার সময় ‘লক আপ ২’-এর কথা জানানো হয়েছে। আর সেখানেই নাকি প্রতিযোগী হিসাবে যোগ দেওয়ার প্রস্তাব পেয়েছেন তিনি।

সাত বছরের দীর্ঘ বিরতির পর আবার অভিনয়ে ফিরতে চলেছেন রিয়া চক্রবর্তী। নেটফ্লিক্সের আসন্ন শো ‘ফ্যামিলি বিজনেস’এর মাধ্যমে তাঁর এই কামব্যাক। সম্প্রতি নেটফ্লিক্সের একটি ইভেন্টে এই শোয়ের ঘোষণা করা হয়। তারপরেই সোশ্যাল মিডিয়ায় একটি আবেগঘন পোস্ট শেয়ার করে নিজের ফিরে আসার যাত্রার কথা তুলে ধরেন রিয়া।

বুধবার ইনস্টাগ্রামে একটি ভিডিও পোস্ট করেন রিয়া। যেখানে তাঁকে শোয়ের প্রস্তুতি নিতে দেখা যায়। সেই ভিডিওয় অভিনেত্রী জানান, সাত বছর পর আবার ক্যামেরার সামনে দাঁড়ানো তাঁর কাছে কতটা অদ্ভুত এবং অবিশ্বাস্য মনে হচ্ছে। তিনি জানান, ২০১৯ সালে ‘চেহরে’  ছবির শুটিংই ছিল তাঁর শেষ কাজ।

রিয়া বলেন, ‘সাত বছর। ব্যাপারটা সত্যিই খুব অদ্ভুত আর স্বপ্নের মতো লাগছে। আমি কখনও ভাবিনি আবার অভিনয় করব। এটা আমার কাছে অবাস্তব মনে হচ্ছেয কারণ অভিনয় ছিল আমার স্বপ্ন। আমি ১৭ বছর বয়সে এই স্বপ্ন নিয়ে মুম্বই এসেছিলাম। তারপর অনেক কিছু ঘটল, কাজ পাওয়া বন্ধ হয়ে গেল, আর সেই স্বপ্নটা ভুলে যেতে হয়েছিল। এখন আবার ফিরে এসেছি। কিন্তু আমি অনেকটাই বদলে গিয়েছি। জীবনে অন্য এক পথ বেছে নিতে হয়েছে। তাই আজ অভিনয়ের  গুরুত্ব আমার কাছে আর এক রকম নেই। আবার অনেক দিক থেকেই এটা আগের থেকেও বেশি গুরুত্বপূর্ণ।’

ভিডিওর ক্যাপশনেও নিজের মনের কথা উজাড় করে দেন রিয়া। তিনি লেখেন, ‘সেটে শেষবার যাওয়ার পর কেটে গিয়েছে সাত বছর। কিন্তু আমি আজও সেই একই মেয়ে, যে ১৭ বছর বয়সে অভিনেত্রী হওয়ার স্বপ্ন নিয়ে বম্বে এসেছিল। আমার একটা অংশ এগিয়ে গিয়েছে। আরেক অংশ অপেক্ষা করেই গিয়েছে। আর আজ আমি আবার এখানে। আমার জীবনের দ্বিতীয় অধ্যায়ে। সত্যিই তো, ‘জীবন তখনই নিজের গতিতে এগোয়, যখন আমরা অন্য পরিকল্পনা করতে ব্যস্ত থাকি।’

আদালতের দ্বারস্থ বিবেক

বিবেক ওবেরয় বৃহস্পতিবার দিল্লি হাই কোর্টের দ্বারস্থ হয়েছেন। তাঁর নাম, ছবি ও ব্যক্তিত্বের অন্যান্য বৈশিষ্ট্যের অপব্যবহার, বিশেষ করে মর্ফ করা ছবি বা এআই দিয়ে তৈরি কনটেন্টের বিরুদ্ধে সুরক্ষা চেয়েই এই মামলা। বিচারপতি তুষার রাও গেদেলা জানান, আদালত বিষয়টি বিবেচনা করে উপযুক্ত নির্দেশ দেবে।

মামলায় বিবেক দাবি করেছেন, একাধিক ব্যক্তি ও সংস্থা তাঁর অনুমতি ছাড়াই তাঁর পার্সোনালিটি রাইটস ব্যবহার করছে, যার ফলে তাঁর সুনাম ও ভাবমূর্তির ‘অপরিমেয় ক্ষতি’ হচ্ছে। অভিযোগে বলা হয়েছে, অভিযুক্তরা সোশ্যাল মিডিয়ায় তাঁর নামে ভুয়ো অ্যাকাউন্ট খুলে মর্ফ করা ছবি ও এআই-নির্মিত ভিজুয়াল ছড়াচ্ছে। এসব কনটেন্টে ‘রুচিহীন’ ও বিভ্রান্তিকর দৃশ্য ব্যবহার করা হয়েছে বলে অভিযোগ।