নিজস্ব সংবাদদাতা: রুপোলি পর্দায় যে তারকাদের দর্শক রোজ দেখেন, তাঁদের ব্যক্তিগত জীবন ঠিক কেমন, তা জানতেও উৎসাহী থাকেন তাঁরা। তারকাদের প্রিয়জন কারা? ছোটবেলায় কেমন ছিলেন তাঁরা? কৌতুহলের শেষ নেই। এইসব উত্তর পাওয়া গেল টলিউডের অভিনেতা-অভিনেত্রীদের মাতৃ দিবস উদযাপনে। সোশ্যাল মিডিয়ায় কেউ শেয়ার করলেন মা"য়ের সঙ্গে অদেখা ছবি আবার কেউ লিখলেন আবেগঘন লেখা। এই তালিকা থেকে বাদ গেলেন না সুপারস্টার জিৎ থেকে শুরু করে মিমি, নুসরত, সোহম, অঙ্কুশও।
সোশ্যাল মিডিয়া থেকে বরাবরই দূরে থাকতে পছন্দ করেন জিৎ। তবুও নিজের বিশেষ মুহূর্তের সাক্ষী করেন অনুরাগীদের। মাতৃ দিবসেও তাই জিতের ফ্যানপেজ থেকে শেয়ার হল পরিবারের সঙ্গে অভিনেতার সময় কাটানোর মুহূর্ত। ওই ভিডিওতে, স্ত্রী মোহনা রতলানী গান গাইছেন আর পরিবারের বাকি সদস্যরা উপভোগ করছেন, সব শেষে মেয়ে নবণ্যাকে নিয়ে "মাদার্স ডে"র শুভেচ্ছাও জানালেন অভিনেতা।
অভিনেত্রী মিমি চক্রবর্তীকে নেট মাধ্যমে বেশ সক্রিয় থাকতেই দেখেন অনুরাগীরা। মা"কে মাতৃ দিবসের শুভেচ্ছা জানাতে মিমি শেয়ার করলেন মা"য়ের সঙ্গে সময় কাটানোর কিছু অদেখা মুহূর্তের ছবি। কখনও বেনারসের ঘাটে আবার কখনও পাহাড়ে, কখনও আবার প্রিয় পোষ্যের সঙ্গে মা-মেয়ের সময় কাটানোর মুহূর্ত ধরা দিল মিমির সামাজিক মাধ্যমের পাতায়।
অভিনেত্রী নুসরত জাহানকে নিয়ে বিতর্কের শেষ থাকেনা। তবে এবার আর বিতর্ক নয়, মাতৃ দিবসে নুসরতের পোস্ট মন ভালো করে দিয়েছে অনুরাগীদের। এদিন নেট মাধ্যমে অভিনেত্রী শেয়ার করেন একটি কেকের ছবি, তাতে লেখা "সেরা মা", আর সেই সঙ্গে জুড়ে দেন নিজের মায়ের সঙ্গে খুনসুটির ছবিও। তবে এখানেই শেষ নয়, ছেলে ঈশানকে নিয়েও এদিন প্রথমবার নেটিজেনদের কাছে ধরা দেন। ছেলের সঙ্গে সময় কাটানোর মিষ্টি মুহূর্ত প্রকাশ হতেই অভিনেত্রীকে ভালবাসায় ভরিয়ে দেন নেটিজেনরা।
অভিনেতা সোহম চক্রবর্তীও এদিন অনুরাগীদের সঙ্গে ভাগ করে নেন বেশ কিছু অদেখা ছবি। ওই ছবিতেই আবারও ছোট্ট মাস্টার বিট্টুকে বাবা-মা"র সঙ্গে দেখতে পান ভক্তরা। সেই সঙ্গে স্ত্রী ও দুই ছেলেকে নিয়েও ছবি পোস্ট করেন অভিনেতা, সঙ্গে লেখেন, "মা এবং মায়ের বীরপুরুষরা, আমার মা এবং আমার সন্তানদের মা"কে মাতৃ দিবসের অনেক অনেক শুভেচ্ছা।"
মা"য়ের সঙ্গে নিজের ছোটবেলার ছবি পোস্ট করে মাতৃ দিবসের শুভেচ্ছা জানান অভিনেতা অঙ্কুশ হাজরা। সেই সাথে জুড়ে দেন মন ভাল করা লেখাও। অঙ্কুশ লেখেন, "ছবি ঝাপসা হয়ে গেলেও এই সম্পর্ক কোনওদিন ঝাপসা হয়না, শুভ মাতৃ দিবস মা, অনেক আদর নিও।"
















