দক্ষিণী সিনেমার ঝলমলে পর্দার আড়ালে নায়িকাদের বাস্তবতা সবসময় ততটা আরামদায়ক নয়, এমনই খোলামেলা স্বীকারোক্তি করলেন অভিনেত্রী তাপসী পান্নু। তেলুগু, তামিল, হিন্দি থেকে মালয়ালম—একাধিক ভাষার ছবিতে নিজের জায়গা তৈরি করা এই অভিনেত্রী সম্প্রতি জানান, দক্ষিণী ছবির শুটিংয়ে অনেক সময়ই নায়িকাদের এমন কিছু পরিস্থিতির মুখোমুখি হতে হয়, যা অস্বস্তিকর তো বটেই, অপমানজনকও।
সম্প্রতি এক সাক্ষাৎকারে তাপসী দাবি করলেন, তামিল ও তেলুগু ছবির সেটে কখনও কখনও পরিচালকেরা নায়িকাদের ‘প্যাডেড ব্রা’ পরার পরামর্শ দেন, যাতে পর্দায় স্তনের নির্দিষ্ট অংশ বেশি স্পষ্টভাবে ফুটে ওঠে! অভিনেত্রীর মতে, এই ধরনের নির্দেশনা অনিবার্যভাবেই দৃষ্টি সরিয়ে নিয়ে যায় অভিনয় থেকে শরীরের দিকে।
আলোচনার সময় তাঁকে প্রশ্ন করা হয়, কেন ভোজপুরি ও দক্ষিণী ছবির গানের দৃশ্যে মেয়েদের নাভির উপর এত জোর দেওয়া হয়। জবাবে তাপসী স্বীকার করেন, তিনিও বহুবার এই প্রবণতার কারণ বোঝার চেষ্টা করেছেন। তাঁর পর্যবেক্ষণ, দক্ষিণী ছবিতে ভিজ্যুয়াল ফ্রেমিংয়ে নাভি বিশেষভাবে তুলে ধরা হয়, আর হিন্দি ছবিতে তুলনায় বেশি গুরুত্ব পায় বুকের খাজ অর্থাৎ ক্লিভেজ।
তাপসী বলেন, “দক্ষিণ ইন্ডাস্ট্রিতেও অনেক সময় বলা হয় ‘প্যাডেড ব্রা পরো’। কিন্তু সমস্যাটা হয়, সেটে পরিচালক এই কথাটা কাকে বলবেন? কারণ অনেক সময় পুরো ইউনিটে মেয়েদের সংখ্যা হাতে গোনা। ফলে পরিচালক সহকারী পরিচালককে বলেন, তিনি আবার স্টাইলিং টিম বা হেয়ার টিমের কাউকে বলেন, শেষে গিয়ে সেই বার্তা অভিনেত্রীর কাছে পৌঁছয়।”
এরপরই তিনি শুটিং ফ্লোরের বিব্রতকর বাস্তবতা তুলে ধরেন। তাঁর কথায়, “ভাবুন তো, গানের শুটিং চলছে, হঠাৎ কাউকে মাঝপথে উঠে গিয়ে পোশাক বদলাতে বলা হচ্ছে। সবাই তাকিয়ে দেখছে, কী বদল হল! তারপর আবার বলা হচ্ছে, পার্থক্য বোঝা যাচ্ছে না, আবার গিয়ে বদলে আসতে হবে। মানে বুঝতে পারছেন তো? খুব অস্বস্তিকর পরিস্থিতি তৈরি হয়।” তাপসীর মতে, অনেকছবি নির্মাতা বিশ্বাস করেন শরীরের নির্দিষ্ট অংশকে আলাদা করে তুলে ধরলে তা দর্শকের ‘ভিজ্যুয়াল অ্যাপিল’ বাড়ায় এবং কল্পনাকে উসকে দেয়।
এইমুহূর্তে পেশাগত দিক থেকেও ব্যস্ত সময় কাটাচ্ছেন অভিনেত্রী। তিনি ফিরছেন বড়পর্দায় আদালতকেন্দ্রিক ছবি আসসি-তে। ছবিটি পরিচালনা করেছেন অনুভব সিনহা। এতে মুখ্যভূমিকায় রয়েছেন কানি কুসরুতি। গল্পের কেন্দ্রে দিল্লিতে বসবাসকারী বিবাহিতা নারী পারিমা, যিনি অপহরণ ও যৌন নির্যাতনের শিকার হন। এরপর পুলিশি তদন্ত ও আদালতের লড়াই ঘিরেই এগোয় গল্প । ছবিতে তাপসীকে দেখা যাবে এক আইনজীবীর চরিত্রে।
এছাড়া ছবিতে অভিনয় করেছেন মোহাম্মদ জীশান আইয়ুব, মনোজ পাহওয়া, সীমা পাহওয়া, কুমুদ মিশ্র, রেবতী, নাসিরুদ্দিন শাহ এবং সুপ্রিয়া পাঠক। প্রযোজনায় রয়েছে টি-সিরিজ এবং পরিচালকের নিজস্ব সংস্থা বেনারস মিডিয়াওয়ার্কস।
&t=313s
পর্দার গ্ল্যামারের আড়ালে নারীদের যে বাস্তব সংগ্রাম লুকিয়ে থাকে, তাপসীর এই স্বীকারোক্তি সেই অস্বস্তিকর সত্যিকেই আবার সামনে এনে দিল।
