চার দশকের অপেক্ষার অবসান! অবশেষে একই ছবিতে ফিরছেন বড়পর্দার দুই মহাতারকা - কমল হাসন ও রজনীকান্ত! বহুদিন ধরেই এই  'জুটি'র জল্পনা ঘুরছিল ইন্ডাস্ট্রিতে। শুক্রবার প্রযোজনা সংস্থারেড জায়ান্ট মুভিজ সংস্থা প্রতিশ্রুতি দিয়েছিল একটি বিশেষ ঘোষণার, আর গত শনিবার (২১ ফেব্রুয়ারি) সেই প্রতিশ্রুতি রাখল নির্মাতারা। প্রকাশ্যে এল এই জুটির ছবির আনুষ্ঠানিক ঘোষণা ভিডিও।

ভিডিওতে দেখা যায় পরিচালক নেলসন দিলীপকুমার করিডোরে দাঁড়িয়ে দ্বিধায়, আগে কার ঘরে ঢোকা উচিত? তখনই হাজির সঙ্গীত পরিচালক অনিরুদ্ধ রবিচন্দর। তিনি মজার ছলে বলেন, “দুই আঙুলের মধ্যে একটা বেছে নিন” যদিও তখন তিনি নিজেও ভাবছেন কোনটি বেছে নেবেন!

এরপর দৃশ্য বদলে যায়। দেখা যায়, আলাদা দু’টি ঘরে প্রস্তুতি নিচ্ছেন দুই তারকা। কখনও ব্লেজার, কখনও বেল্ট, কখনও ঘড়ি... কে কোনটা বেছে নিয়েছে, তা জানতে চেয়ে একে অপরের সিদ্ধান্তের উল্টোটা বেছে নিচ্ছেন তাঁরা। যেন বন্ধুত্বপূর্ণ প্রতিযোগিতার মজার আবহেই শুরু হচ্ছে ছবির আবহ।

 

শেষে দু’জনই প্রস্তুত হয়ে বেরিয়ে আসেন। আলাদা স্টাইলে সেজে, কিন্তু একই দাপটে। গ্যারাজে পাশাপাশি হাঁটার সময় তাঁদের উপস্থিতিতে ঘুরে তাকান আশেপাশের সব সুন্দরীরা। চাবি ছুড়ে দেন রজনী, অনন্য ছন্দে এক হাতে লুফে নেন কমল। তারপর গাড়ির স্টিয়ারিং ধরেন কমল, পাশে বসেন রজনীকান্ত। পেছনে বসে পরিচালক নেলসন ও সুরকার অনিরুদ্ধ। তারপরেই সুরকার আচমকা জানান, ছবির থিম মিউজিক তৈরি।

কিন্তু এখানেই টুইস্ট। কমল বলেন, “ওটা পরে হবে।  আগে বলুন, ছবির নায়ক কে?” সঙ্গে সঙ্গেই রজনীকান্তও নেলসনকে বলেন, “হ্যাঁ, বলুন তো এবার ছবির নায়ক কে হচ্ছেন?”

ঠিক তখনই পর্দায় ভেসে ওঠে ছবির নাম,  ‘কেএইচ- আর কে-এর রিইউনিয়ন’। জানা গেছে, নেলসনের পরিচালনায় ছবির শুটিং শীঘ্রই শুরু হবে।বলাই বাহুল্য এই ঘোষণার পর থেকেই উত্তেজনায় ফেটে পড়েছেন ভক্তরা। সাতের দশকে তামিল ও হিন্দি মিলিয়ে ডজনখানেক ছবিতে একসঙ্গে অভিনয় করেছিলেন এই দুই কিংবদন্তি। কিন্তু ১৯৮৫ সালের পর আর তাঁদের একসঙ্গে দেখা যায়নি পর্দায়।

এক অনুরাগীর মন্তব্য, “এটা বিশাল কিছু হতে চলেছে। নেলসনের উপর ভরসা আছে।” অন্যজন লিখেছেন, “এই প্রজেক্টের জন্য আর অপেক্ষা করতে পারছি না।” কেউ কেউ তো ইতিমধ্যেই ভবিষ্যদ্বাণী করছেন, “এটাই হবে তামিল সিনেমার সবচেয়ে বড় ছবি।” এমনকী শুটিং শুরু না হতেই এই ছবির বক্স অফিসের ভবিষ্যতের হিসেবে হিসাব শুরু হয়ে গেছে। এক ভক্তের কথায়, “হাজার কোটির ক্লাব-টাব ভুলে যান। এটা হবে জীবনে একবার পাওয়া অভিজ্ঞতা।”

উল্লেখযোগ্য বিষয়, এই দুই তারকা আরেকটি ছবিতেও একসঙ্গে কাজ করছেন, যা পরিচালনা করছেন সিবি চক্রবর্তী।

রজনী-কমলের যৌথ যাত্রা শুরু হয়েছিল ‘অপূর্ব রঙ্গলাল’ দিয়ে। এরপর একসঙ্গে দেখা গেছে ‘মন্দ্রু মুদিচু’, ‘অভাগাল’, ‘১৬ ভায়াথিনিলে’ এবং ‘নিনাইথালে ইন্নিকুম’-এ।শেষবার তাঁরা একসঙ্গে পর্দায় ধরা দিয়েছিলেন ১৯৮৫ সালের হিন্দি ছবি ‘গ্রেপ্তার’-এ, যেখানে অভিনয় করেছিলেন অমিতাভ বচ্চন-ও। 

চার দশক পর আবার একসঙ্গে হাত ধরাধরি করে ফিরল রজনী-কমল জুটি। ফলে এই প্রত্যাবর্তন যে কেবল একটি ছবি নয়, বরং ভারতীয় সিনেমার ইতিহাসে নতুন অধ্যায়ের সূচনা হতে পারে, তা বলাই যায়।