সংবাদসংস্থা মুম্বই: বলিউডের "বিগ বস" দর্শকদের কাছে সবচেয়ে পছন্দের রিয়্যালিটি শো"গুলির মধ্যে একটি। ছোট পর্দা পেরিয়ে "বিগ বস" ওটিটি-তে পা রেখে ইতিমধ্যে ২টি সিজন পার করে ফেলেছে। এর প্রথম সিজনটি চলচ্চিত্র নির্মাতা তথা প্রযোজক করণ জোহর সঞ্চালনা করেছিলেন। "বিগ বস ওটিটি ২"-এর সঞ্চালক হিসেবে করণের পরিবর্তে চলে আসেন বি টাউনের ভাইজান সলমন খান। সেই সিজনের বিজেতা হন এলভিশ যাদব।

গত ১৪ এপ্রিল মুম্বইয়ের বান্দ্রায় সলমনের বাসভবন গ্যালাক্সি অ্যাপার্টমেন্টের বাইরে গুলি চালানোর ঘটনা খবরের শিরোনামে উঠে আসে। তারপর থেকে শোনা যেতে শুরু করে, হয়তো "বিগ বস ওটিটি ৩"-এ আর সঞ্চালক হিসেবে দেখা যাবে না দাবাং খানকে। সেই জল্পনাকে সত্যি করে এবার এল বড় খবর।
এই রিয়্যালিটির সঞ্চালনার দায়িত্ব থেকে বঞ্চিত হতে পারেন সলমন! বাঁধা হয়ে দাঁড়ালো শুটিং ডেট। আসন্ন ছবির শুটিং ডেটের সঙ্গে মিলছে না শো"য়ের শুটিং ডেট। মুম্বই সংবাদ মাধ্যম সূত্রে খবর, ভাইজানের শুটিং ডেট চূড়ান্ত না হলে তাঁর জায়গায় "বিগ বস ওটিটি ৩"-এর সঞ্চালক হিসেবে দেখা যেতে পারে সঞ্জয় দত্ত, অনিল কাপুর, করণ জোহরের মতো সেলিব্রিটিদের। নির্মাতা মহল থেকে ইতিমধ্যেই যোগাযোগ করা হয়েছে সঞ্জয় দত্ত, অনিল কাপুর এবং করণ জোহরের সঙ্গে।

প্রসঙ্গত, বলিউড সুপারস্টার সলমন খান তাঁর আগামী ছবিতে জুটি বাঁধছেন অভিনেত্রী রশ্মিকা মন্দানার সঙ্গে। পরিচালক এ আর মুরুগাদোসের আসন্ন ছবি "সিকান্দর"-এর নায়িকা হবেন রশ্মিকা। আগামী ইদে আসতে চলেছে সলমন-রশ্মিকার "সিকান্দর"।