কিছু দিন আগেই দেব জানান তিনি টেকনিশিয়ানদের কথা ভেবে মুখ্যমন্ত্রীকে চিঠি দিয়েছেন যাতে তাঁদের জন্য স্বাস্থ্য সাথী কার্ড করানোর ব্যবস্থা করা হয়। মমতা বন্দ্যোপাধ্যায় সেই আবেদনে সাড়া দেন। ১৪ মার্চ টালিগঞ্জের টেকনিশিয়ান স্টুডিওতে চলছে স্বাস্থ্য সাথী ক্যাম্প। এদিন দেব বলেন, "স্বরূপ বিশ্বাসের স্বাস্থ্য সাথী কার্ডের প্রয়োজন নেই, ওঁর অর্থ আছে। কিন্তু টেকনিশিয়ানদের দরকার। সমর্থক হওয়া ভাল, অন্ধ সমর্থক হওয়া খারাপ।"
এবার দেব-এর এই মন্তব্যের জবাব দিলেন ফেডারেশন সভাপতি স্বরূপ বিশ্বাস। আজকাল ডট ইন-কে তিনি বলেন, "দেব অধিকারী একজন স্বনামধন্য ব্যক্তি, তাঁর কাছ থেকে আসা এমন মন্তব্য সত্যিই অনভিপ্রেত। ওঁর এই মন্তব্যের ফলে জানিয়ে রাখি, একসময় মমতা ব্যানার্জি দুয়ারে সরকার প্রকল্পের মাধ্যমে স্বাস্থ্য সাথী কার্ড করিয়েছিলেন আমাদের দিয়ে। আমরা সেই ক্যাম্পিং-এর সঙ্গে যুক্ত ছিলাম। তাই এই প্রকল্পের বিরোধীতা করার কোনও প্রশ্নই আসছে না। দেবের কাছে সম্পূর্ণ ভুল অভিযোগ গিয়েছে, নাম ক্ষুণ্ন করার জন্য।"
তিনি আরও বলেন, "সারা ভারতের কোনও রাজ্যের ফেডারেশনে এমন সুযোগ এর আগে কেউ করে দেননি, যা মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি করেছেন। দেব যে বলেছেন মমতা ব্যানার্জির বিরোধীতা করার কথা, সেটা তিনি সম্পূর্ণ ভুল বলেছেন বা কারওর দ্বারা প্রভাবিত হয়ে বলেছেন।"
অনেক টেকনিশিয়ানরা স্বাস্থ্য সাথী কার্ড করাতে ভয় পাচ্ছেন! এই নিয়ে স্বরূপ বিশ্বাস বলেন, "রাজ্যের পক্ষ থেকে যে মেডিক্লেম ছিল তার মেয়াদ গত বছর অক্টোবরে শেষ হয়ে গিয়েছে। তারপর আমরা আলোচনা করে এটা রিন্যুয়ালের ব্যবস্থা করব বলে ভেবেছিলাম। কলাকুশলীরা তাঁদের পারিশ্রমিকের নূন্যতম অংশ এই প্রকল্প বাবদ কাটা হতো। শুধু তাই নয়, পেনশন স্কিম থেকে শুরু করে কলাকুশলীদের ছেলেমেয়েদের জন্য স্কলারশিপের ব্যবস্থা পর্যন্ত করা হচ্ছে। কিন্তু এই বিষয়টা নিয়ে দেববাবু যা বলেছেন, আমাদের কাছে তা অনভিপ্রেত। এখানে কাজ হারানোর ভয় নেই, বরং ফেডারেশনের হাত ধরে নতুন করে বহু টেকনিশিয়ান কাজ পাচ্ছেন, ভবিষ্যতেও পাবেন।"
প্রসঙ্গত, এই বিষয়ে এদিন দেব বলেছিলেন, "স্বাস্থ্য সাথী কার্ড ভাল নয়, অন্য প্রকল্প ভাল, এই কথা স্বরূপ বিশ্বাস বলে থাকলে, এর উত্তর উনি বা অরূপ বিশ্বাস ভাল দিতে পারবেন। অরূপদা রাজ্যের মন্ত্রী, স্বাস্থ্য সাথী কার্ড নিয়ে গ্রামে গ্রামে রাজ্য সরকারের হয়ে প্রচার করেছেন। ওঁর ভাই যদি বলেন স্বাস্থ্য সাথী বিমা ভাল না, তাহলে আমার মনে হয় উত্তর দাদার দেওয়া উচিত। কারণ এতে মুখ্যমন্ত্রীকে সোজাসুজি চ্যালেঞ্জ করা হচ্ছে যে স্বাস্থ্য সাথী কার্ড ভাল নয়।"
