বাঙালি পুরুষ গোয়েন্দাদের ভিড়ে জায়গা করেছিলেন এক ডাকাবুকো মহিলা গোয়েন্দা। নাম যাজ্ঞসেনী চ্যাটার্জি, বলা ভাল 'লেডি চ্যাটার্জি'। কথা হচ্ছে ক্যামেলিয়া প্রোডাকশনের ওটিটি প্ল্যাটফর্ম ফ্রাইডে-এর সিরিজ 'লেডি চ্যাটার্জি'কে নিয়ে। এই সিরিজের মুখ্য চরিত্রে দেখা গিয়েছিল অভিনেত্রী অরুণিমা ঘোষকে। তাঁর সঙ্গে গুরুত্বপূর্ণ চরিত্রে ছিলেন অভিনেতা দেবাশিস মণ্ডল ও অভিনেত্রী অলিভিয়া সরকার।
এবার এই সিরিজের দ্বিতীয় সিজন আসতে চলেছে। আর এই সিজনের নতুন সংযোজন হয়ে থাকছেন অভিনেতা রোহন ভট্টাচার্য। আগেরবারের মতোই এই সিজনের পরিচালকের দায়িত্ব সামলাবেন সাগ্নিক চ্যাটার্জি। টলিপাড়ার অন্দরের খবর, ইতিমধ্যেই লুক সেট হয়েছে অভিনেতা, অভিনেত্রীদের।
আগের পর্বে লেডি চ্যাটার্জি হিসেবে ধরা দিয়েছিলেন অরুণিমা। এবারও তিনি আসছেন চেনা অবতারে। এই গোয়েন্দা যেমন রহস্য উন্মোচন করে, তেমনই আবার অবসরে মাদককে সঙ্গী হিসেবে বেছে নেয়। তাই অন্যদের তুলনায় একেবারে আলাদা অরুণিমার এই গোয়েন্দা চরিত্রটি।
রহস্য প্রেমী দর্শকের কাছে তাই এই সিরিজ বেশ সাড়া ফেলেছিল। এবার এই সিরিজের দ্বিতীয় সিজনে দেখা যাবে নতুন গল্প। কারণ, আগের সিজনের রহস্যের জট আগেই খুলে গিয়েছিল। তাই এবার 'লেডি চ্যাটার্জি' ফিরছেন নতুন রহস্য নিয়ে।
গত সিজনে অরুণিমা, দেবাশিস ও অলিভিয়াকে দেখেছিলেন, তাঁরাই আবার ধরা দিচ্ছেন দ্বিতীয় সিজনে। এবারের গল্পে দেখা যেতে চলেছে রোহনকে। তবে তাঁর চরিত্রটি নিয়ে এখনও পর্যন্ত বিস্তারিত তথ্য পাওয়া যায়নি। এমনকী ইতিবাচক না নেতিবাচক চরিত্রে থাকবেন অভিনেতা, তা নিয়েও রয়েছে ধোঁয়াশা। তবে রোহনের চরিত্রটি যে বেশ বড়সড় চমক আনছেন সেটা বলাই যায়।
প্রসঙ্গত, কিছুদিন আগেই জি ফাইভে মুক্তি পেয়েছে 'আবার প্রলয় ২'। পরিচালক রাজ চক্রবর্তীর এই সিরিজে গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা গিয়েছিল রোহনকে। রোহনের চরিত্রটি দর্শকের কাছে বেশ প্রশংসিত হয়েছে। এবার আরও একটা রহস্যময় সিরিজে দেখা যাবে রোহনকে।
