সংবাদ সংস্থা মুম্বই: গত কয়েকদিন ধরে বলিপাড়ার গলিতে কান পাতলেই শোনা যাচ্ছিল রণবীর সিং, সঞ্জয় দত্ত, আর মাধবন এবং অর্জুন রামপালকে সঙ্গে করে জোরকদমে নতুন ছবির প্রস্তুতি শুরু করে দিয়েছেন 'উরি' ছবি খ্যাত পরিচালক আদিত্য ধর। সূত্রের খবর, থ্রিলারধর্মী এই ছবির নাম 'ধুরন্ধর'। শুধু তাই নয়, এই ছবিতে ভারতীয় গুপ্তচর সংস্থার সিনিয়র অফিসারের ভূমিকায় দেখা যাবে অক্ষয় খান্নাকেও। এবার সেই খবরে সিলমোহর দিলেন স্বয়ং রণবীর। 

উল্লেখিত প্রতিটি বলি-অভিনেতাদের সঙ্গে নিজের একটি সাদা কালো ছবির কোলাজ সমাজমাধ্যমে পোস্ট করে এই খবরের সত্যতা স্বীকার করেছেন রণবীর। গত বছর অর্থাৎ ২০২৩ সালে 'রকি অউর রানি কী প্রেম কাহানি' ছবি মুক্তির এক বছর পর এই প্রথম কোনও নিজের নতুন ছবির ঘোষণা করলেন তিনি। ওই পোস্টের ছবিতে নজর কেড়েছে প্রায় বুক ছুঁয়ে থাকা রণবীরের দাড়ি। সঙ্গে মানানসই কাঁধ ছাপানো লম্বা চুল। রণবীরের তরফে এই নয়া ছবির ঘোষণা হতেই তাঁকে শুভেচ্ছায় ভরিয়ে দিয়েছেন আলিয়া ভাট, অর্জুন কাপুরের মতো বলিপাড়ার জনপ্রিয় মুখেরা। পোস্টের বার্তা বাক্সে আগুনের ইমোজি দিতে দেখা গিয়েছে 'গাল্লি বয়'-এর নায়িকাকে। অর্জুন সোল্লাসে বলে উঠেছেন 'জেহ্- বাৎ'।

শুভেচ্ছাবার্তা পাঠানোর তালিকায় রয়েছেন 'পাঠান' ছবি খ্যাত পরিচালক সিদ্ধার্থ আনন্দ, অপরাশক্তি খুরানা, ইয়ামি গৌতম, এলি আব্রামের মতো বলি-ব্যাক্তিত্বরাও। 'দ্য আর্চিজ' ছবি খ্যাত জোয়া আখতারও এই খবর পেয়ে নিজের উত্তেজনা লুকিয়ে রাখতে পারেননি। প্রসঙ্গত, জোয়ার পরিচালনায় 'দিল ধড়কনে দো' ছবিতে অভিনয় করে বিস্তর প্রশংসা কুড়িয়েছিলেন রণবীর। 

উল্লেখ্য, এই ছবি ঘোষণার পোস্টের নিজের অনুরাগীদের আন্তরিক ধন্যবাদ জানাতে ভোলেননি রণবীর সিং। তিনি লেখেন,"এই ছবি মূলত আমার অনুরাগীদের জন্য যাঁরা আমার পাশে থেকেছেন, আমার ছবির জন্য অপেক্ষা করছিলেন"। আরও লেখেন, "আমি আপনাদের ভালবাসি। আমি কথা দিচ্ছি এই ছবির দর্শক হিসেবে যে অভিজ্ঞতার শরিক আপনার হতে চলেছেন সেরকম আগে কখনও হননি...এই ছবি বড় ব্যক্তিগত"।

শোনা যাচ্ছে, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভালের কেরিয়ারের প্রথম দিকের কয়েকটি রোমাঞ্চকর ঘটনার উপর ভিত্তি করেই লেখা হয়েছে ছবির চিত্রনাট্য। রণবীরকে দেখা যাবে একজন শিখের চরিত্রে। সেইজন্যেই তারকার এই নয়া লুক।