সদ্যই শুরু হয়েছে 'কুমকুম' ধারাবাহিকের পথচলা। অল্প বয়সে বিধবা নায়িকা এবং ব্যবসায়ী বাড়ির ছেলের সম্পর্ক ফুটবে ধারাবাহিকের গল্পে। ঈশান এবং কুমকুমকে ঘিরেই আবর্তিত হচ্ছে ধারাবাহিক। আর এই ধারাবাহিকের পথ চলা শুরু হতে না হতেই আসছে নতুন চমক।
এদিন চ্যানেল কর্তৃপক্ষের তরফে 'কুমকুম' ধারাবাহিকের নতুন প্রোমো প্রকাশ্যে আনা হয়েছে। সেখানেই দেখা যাচ্ছে, রাত গভীর হলেও কুমকুম কাজ করে চলেছে কারখানায়। সকলে চলে গেলেও সে সময়ের দিকে খেয়াল না করে কাজ করতে থাকে। তখনই সেখানে আসে ঈশান। জানতে চায় বাড়ি যাবে না? কারখানায় এত রাতে একা কী করছে? জবাবে কুমকুম জানায় সেও তো আছে। কোনও অসুবিধা নেই। আর কাজের সময় সময়ের খেয়াল থাকে না। কিন্তু রাত গভীর হওয়ায় কর্মীকে একা ছেড়ে দিতে পারে না ঈশান। সে তাকে ছেড়ে দিতে চায়।
ঈশান বাইকে কুমকুমকে ছেড়ে দিতে চাইলে নায়িকা আপত্তি করে। ইতস্ততবোধ করে। সেটা বোঝে ঈশান। তাই সে বলে এখন এত না ভেবে যেন গাড়িতে ওঠে। এখান থেকেই কি তবে তাদের বন্ধুত্ব এবং প্রেমের শুরু হবে। নাকি নায়কের এই সাহায্যের হাত ধরার কারণে নতুন বিপদে পড়বে নায়িকা? উত্তর আগামীতে পাওয়া যাবে।















