অপেক্ষার আর মাত্র ১৩ দিন। ভালবাসা দিবস আসছে, সেই সঙ্গে এগিয়ে আসছে অভিনেতা রণজয় বিষ্ণু ও অভিনেত্রী শ্যামৌপ্তি মুদলির বিয়ের তারিখ। আগেই জানা গিয়েছিল, ১৪ ফেব্রুয়ারি সাতপাকে বাঁধা পড়তে চলেছেন রণজয় ও শ্যামৌপ্তি। জোর কদমে চলছে বিয়ের প্রস্তুতি। মাঝে রণজয় অসুস্থ হওয়ায় একাই গোছগাছ শুরু করেছিলেন শ্যামৌপ্তি। আইবুড়োভাত খাওয়া ক'দিন আগেই শুরু করেছেন তাঁরা। এবার অনুরাগীদের জন্য এই জুটি এক দারুণ চমক নিয়ে এলেন।
সমাজমাধ্যমে একটি ভিডিও ভাগ করে নিলেন রণজয়। সেখানে 'সাদাকালো পৃথিবী' ও 'রঙিন পৃথিবী'র সাজে দু'জনকে সেজে উঠতে দেখা গেল। ভিডিওর শুরুটা হয় সাদাকালোয়। উত্তমকুমার ও সুচিত্রা সেন অভিনীত কালজয়ী ছবি 'ইন্দ্রাণী'র সংলাপ বলতে দেখা গেল তাঁদের। ছবির সংলাপেই শ্যামৌপ্তি জানিয়ে দিলেন তিনি রণজয়কেই বিয়ে করতে চেয়েছেন বরাবর। ঠিক তারপরেই রণজয়ের লাজুক হাসি।
এরপর দেখা যায় পাহাড়ের বুঝে আজকের রঙিন দুনিয়ায় রণজয়-শ্যামৌপ্তি। পাহাড়ি অঞ্চলে একান্তে সময় কাটাতে দেখা যায় তাঁদের। এই ভিডিওর সঙ্গে ব্যাকগ্রাউন্ডে বাজতে থাকে 'ধুরন্ধর' ছবির গান 'গেহরা হুয়া'। ভিডিওর শেষে রণজয় জানান গন্তব্যে পৌঁছনোর আর মাত্র ১৩ দিনের অপেক্ষা। একপ্রকার প্রি-ওয়েডিং ভিডিও হিসেবেই এটাকে অনুরাগীরা দেখছেন।
পর্দার জুটি এবার বাস্তবেও স্বামী স্ত্রী হতে চলেছে। বসন্তের একদম গোড়াতেই টলিউডে বাজতে চলেছে সানাইয়ের সুর। প্রেম দিবসের দিনই সাতপাকে বাঁধা পড়ছেন শ্যামৌপ্তি মুদলি এবং রণজয় বিষ্ণু। এতদিন তাঁরা একে অন্যকে 'বন্ধু' হিসেবেই পরিচয় দিয়ে এসেছেন, ভ্যালেন্টাইন্স ডের দিন সেই সম্পর্কই 'বেটার হাফ'-এ প্রমোশন পাবে!
রণজয় বিষ্ণু এবং শ্যামৌপ্তি মুদলি, দু'জনেই ছোট পর্দার অতি চেনা মুখ। তবে তাঁরা প্রথমবার একসঙ্গে কাজ করেন 'গুড্ডি' ধারাবাহিকে। সেই থেকেই জনপ্রিয় হয় তাঁদের অনস্ক্রিন জুটি এবং রসায়ন। একই সঙ্গে তাঁদের সম্পর্কও গড়ে উঠতে থাকে। যদিও তাঁরা কেউ জিজ্ঞেস করলে নিজেদের ভাল বন্ধু বলেই পরিচয় দিয়ে এসেছেন। কিন্তু সমাজমাধ্যমে করা পোস্ট দেখে তাঁদের অনুরাগীদের অনুমান ছিল, ব্যাপারটা কেবল বন্ধুত্বে সীমাবদ্ধ নেই। আর সেই জল্পনাতেই যেন এবার সিলমোহর পড়তে চলেছে। এবার প্রেম দিবসেই ছাদনাতলায় যাবেন তাঁরা। বাঁধা পড়বেন সাতপাকে।
