দুবাইয়ে সম্মানিত শাহরুখ 

দুবাইয়ে ফের একবার বিশ্বমঞ্চে বলিউডের মুখ হয়ে উঠলেন শাহরুখ খান। সম্প্রতি দুবাই মল গ্লোবাল ফ্যাশন অ্যাওয়ার্ডস-এর প্রথম সংস্করণে তাঁকে সম্মানিত করা হল ‘গ্লোবাল স্টাইল আইকন অ্যাওয়ার্ড’ দিয়ে। আর্মানি হোটেল দুবাইয়ে আয়োজিত এই জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের মধ্য দিয়েই শেষ হল দু’দিনের দুবাই মল ফেস্টিভ্যাল অফ ফ্যাশন, যেখানে উদযাপন করা হল স্টাইল, সংস্কৃতি ও প্রভাবের বিশ্বজনীন উৎকর্ষ।হাই-প্রোফাইল এই গালায় চেনা আভিজাত্যেই উপস্থিত ছিলেন শাহরুখ। পুরস্কারটি তাঁর হাতে তুলে দেন ইমার প্রপার্টিজের প্রতিষ্ঠাতা মহম্মদ আলাব্বার। মঞ্চে সেই মুহূর্ত ঘিরে দর্শকদের উচ্ছ্বাস, করতালি আর দু’জনের উষ্ণ আলিঙ্গন যেন স্পষ্ট করে দিল একজন বৈশ্বিক ব্যবসানেতা ও একজন বিশ্বজনপ্রিয় চলচ্চিত্র তারকার পারস্পরিক সম্মান ও বন্ধুত্বের ছবি।

অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে আলাব্বার জানান, এই আয়োজনের নেপথ্যে সবচেয়ে বড় অনুপ্রেরণা শাহরুখ খান নিজেই। তাঁর কথায়, গোটা বিশ্বজুড়ে শাহরুখের গ্রহণযোগ্যতা, দীর্ঘস্থায়ী প্রভাব এবং স্টাইল-সংস্কৃতিতে অবিসংবাদিত উপস্থিতিই তাঁকে এই সম্মান দেওয়ার সবচেয়ে বড় কারণ।


‘বর্ডার’-এ গণ্ডগোল 

ভয়াবহ দুর্ঘটনা থেকে অল্পের জন্য রক্ষা পেল গুজরাটের ভলসাদের রাজহংস মাল্টিপ্লেক্স। ‘বর্ডার ২’ ছবির শুরু হওয়ার ঠিক আগেই প্রেক্ষাগৃহের  ছাদের একাংশ ভেঙে পড়ে! শনিবার সকাল ৯টার শো শুরু হওয়ার প্রস্তুতি চলাকালীন, দর্শকদের প্রবেশের মধ্যেই ঘটে এই চাঞ্চল্যকর ঘটনা।
শোনা যাচ্ছে, স্ক্রিন ১-এর ভেতরে পর্দার সামনের দিকের প্লাস্টার অফ প্যারিস ছাদের একটি বড় অংশ হঠাৎ ভেঙে পড়ে। সেই সময় হলের ভিতরে দর্শক উপস্থিত থাকায় মুহূর্তের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরিস্থিতির গুরুত্ব বুঝে সঙ্গে সঙ্গে শো বাতিল করে দেওয়া হয় এবং দ্রুত সমস্ত দর্শককে হল খালি করতে বলা হয়।তবে স্বস্তির বিষয়, এই ঘটনায় কোনও আহত বা হতাহতের খবর নেই। ঘটনার সময় অধিকাংশ দর্শক এখনও হলে ঢোকার প্রক্রিয়ায় ছিলেন, ফলে বড়সড় বিপদ এড়ানো সম্ভব হয়েছে। কর্তৃপক্ষ জানিয়েছে, সকল দর্শককে নিরাপদে বাইরে বের করে আনা হয়েছে এবং সঙ্গে সঙ্গেই এলাকা ঘিরে ফেলা হয়।এই ঘটনার পর ফের প্রশ্ন উঠছে সিনেমা হলগুলির নিরাপত্তা ও পরিকাঠামো রক্ষণাবেক্ষণ নিয়ে। বিশেষ করে বহু পুরনো কিংবা অতিরিক্ত ব্যবহৃত মাল্টিপ্লেক্সগুলিকে নিয়েই।

">

‘ককটেল ২’ বানানো শেষ 

বলিউডের বহুল প্রতীক্ষিত ছবিগুলির তালিকায় প্রথম সারিতেই রয়েছে ‘ককটেল ২’। আর সেই ছবির শুটিং যে অবশেষে শেষ, তা আনুষ্ঠানিকভাবে জানিয়ে দিলেন নির্মাতারা। শাহিদ কাপুর, রশ্মিকা মন্দানা ও কৃতি শ্যানন - এই তিন তারকাকে নিয়ে তৈরি এই ছবির শুটিং র্যাদপ হল হাসি, আড্ডা আর কেক কাটার আনন্দে।শুটিং শেষের সেই বিশেষ মুহূর্তে সেটেই ছোটখাটো সেলিব্রেশনে মেতে ওঠে গোটা টিম। পরিচালক হোমি আদাজানিয়া-র সঙ্গে কেক কেটে ‘ফিল্ম র্যাসপ’ উদযাপন করেন শাহিদ, রাশমিকা ও কৃতি। সেই মুহূর্তের ছবি নিজেই সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেন হোমি।

ইনস্টাগ্রামে পোস্ট করা সেই ছবিতে দেখা যায়, কেক ঘিরে দাঁড়িয়ে তিন তারকা ও পরিচালক, সবার মুখেই ছড়িয়ে  প্রশস্ত হাসি। ছবির সঙ্গে লেখা ছিল,“ছবির শুটিং শেষ। সবাইকে ভালবাসা। ভাল-ই হুল্লোড় করে সময় কাটল আমাদের।”ক্ষিপ্ত কিন্তু উষ্ণ এই বার্তাতেই ধরা পড়েছে সেটের বন্ধুত্বপূর্ণ পরিবেশ।পোস্টের ক্যাপশনে আরও খানিকটা আবেগী হয়ে ওঠেন পরিচালক। তিনি লেখেন, ‘ককটেল ২’ তাঁর কাছে একটু আলাদা, এবং শুটিং চলাকালীন তাঁর ‘অ্যাবসার্ডিটি’ বা খামখেয়ালিপনা সহ্য করার জন্য পুরো কাস্ট ও ক্রু-কে ধন্যবাদ জানান।উল্লেখ্য, ‘ককটেল’ ছবিটি মুক্তির সময় যেমন শহুরে প্রেম, বন্ধুত্ব ও সম্পর্কের নতুন ভাষা তৈরি করেছিল, তেমনই তার সিক্যুয়েল ঘিরেও প্রত্যাশা তুঙ্গে। 

এখন শুটিং শেষ, অপেক্ষা শুধু বড় পর্দায় এই ‘ককটেল’-এর স্বাদ নেওয়ার।