সংবাদসংস্থা মুম্বই: বিনোদন জগতের অন্দরের খবর পেতে কে না চায়? নায়ক-নায়িকাদের ব্যক্তিগত জীবনে কী ঘটছে তার হদিশ পেতে মুখিয়ে থাকেন অনুরাগীরা। তাঁদের নিয়ে চর্চাও কম হয় না। এবার সামনে এল বাংলা ছবির এক নায়িকার কীর্তি। যা রীতিমতো সাড়া ফেলে দিয়েছে নেটপাড়ায়। 

 


গত বছর নভেম্বরে বিয়ে সেরেছেন অভিনেত্রী এলিনা সামন্তরায়। দীর্ঘদিনের প্রেমিক অনুরাগ পাণ্ডার সঙ্গে রূপকথার মতো বিয়ে সেরেছিলেন অভিনেত্রী। সেই ছবিও সাড়া ফেলেছিল সমাজমাধ্যমে। তবে এবার নেটপাড়া জুড়ে চর্চা চলছে এলিনার সাবিত্রী ব্রত পালন নিয়ে। আসলে ওড়িশায় জন্ম এলিনার। ওড়িশার বিখ্যাত রীতি অনুযায়ী বিবাহিত মহিলারা এই ব্রত পালন করেন। 

 


নিয়ম অনুযায়ী স্বামীর মঙ্গল কামনায় সাবিত্রী ব্রত পালন করেছেন এলিনাও। ব্রত অনুযায়ী স্বামীর পা ধুয়ে, সেই জল পান করেন অভিনেত্রী। সেই ভিডিও সমাজমাধ্যমে ছড়িয়ে পড়তেই ছিঃ ছিঃ পড়েছে নেটিজেনদের মধ্যে। আধুনিক যুগে দাঁড়িয়ে এই ব্রত পালনের যুক্তি নিয়েও উঠেছে প্রশ্ন। তবে এই বিষয়ে এখনও পর্যন্ত কোনও মন্তব্য করেননি অভিনেত্রী।

 

 

প্রসঙ্গত, ওড়িয়া ছবির জনপ্রিয় নায়িকা এলিনা। তবে বাংলা ছবিতেও কাজ করেছেন তিনি। ওম সাহানির বিপরীতে 'ভোকাট্টা' ছবিতে দেখা গিয়েছিল তাঁকে।