টলিপাড়ার পাশাপাশি বলিউডেও কান পাতলে শোনা যায় শাওনী মজুমদারের নাম। একাধিক বাংলা ছবিতে প্লেব্যাক করার পাশাপাশি বলিউডেও জমিয়ে বসেছেন শাওনী। অস্কারজয়ী সুরকার এ আর রহমানের টিমেও রয়েছেন তিনি। খোদ রহমানের সঙ্গে মঞ্চে পারফর্ম করতেও দেখা গিয়েছে তাঁকে। এবং তা নিয়ে কম হইচই হয়নি টিনসেল টাউনে। এছাড়া সম্প্রতি মুক্তি পাওয়া দ্য কেরালা স্টোরি ২ ছবির 'থারি যোগন' গানটিও তাঁর-ই গাওয়া।
মুম্বইয়ের ডিওয়াই পাটিল স্টেডিয়ামে-এ আয়োজিত এআরআর ওয়ান্ডারমেন্ট গ্লোবাল প্রিমিয়ার-এ প্রায় ৫০ হাজার দর্শকের সামনে পরিবেশিত হয়েছিল কিংবদন্তি গান ‘তু হি রে’। চারদিক অন্ধকার, আর দর্শকদের মোবাইলের আলোয় আলোকিত স্টেডিয়াম সে এক অবাস্তব, স্বপ্নের মতো মুহূর্ত। সমাজমাধ্যমে সেই নিজের জীবনের সেই স্বপ্নিল রাতের বর্ণনাও ছোট্ট করে ভাগ করে নিয়েছিলেন শিল্পী। শাওনীর কথায়, “ এত বড় মঞ্চে দাঁড়িয়ে নিজের প্রিয় গুরুর সঙ্গে তাঁরই সৃষ্টি করা গান গাওয়া, এ যেন বিশ্বাসেরও অতীত।” তিনি স্বীকার করেছেন, এখনও পর্যন্ত পুরো বিষয়টা যেন মাথায় ঢুকছে না; সবটাই স্বপ্নের মতো মনে হয়েছে তাঁর।এই সুযোগের জন্য রহমানকে ধন্যবাদ জানিয়ে শাওনী বলেন, তাঁর মতো একজন কিংবদন্তি শিল্পী যখন কাউকে নিজের মঞ্চে জায়গা দেন, সেটাই জীবনের সবচেয়ে বড় স্বীকৃতি। এই একটি রাত, একটি গান এবং একটি মঞ্চ তাঁর স্মৃতির অ্যালবামে চিরদিনের জন্য থেকে যাবে।

প্রসঙ্গত, জীতু কমল, অর্ণ মুখোপাধ্যায় অভিনীত সেদিন কুয়াশা ছিল ছবিতেও শাওনীর গাওয়া গান বেশ প্রশংসা কুড়িয়েছিল। যদিও অর্ণব মিদ্যার সেই ছবি বক্স অফিসে গভীর দাগ কাটেনি, তবু শাওনীর গান বহুদিন পর্যন্ত মনে ছিল দর্শক-শ্রোতার। এছাড়াও অজয় দেবগণ অভিনীত ময়দান ছবিতে একটি ছোট্ট চরিত্রে অভিনয়ও করেছিলেন এই শিল্পী।
এই মুহূর্তে কলকাতা ও মুম্বই—দুই শহরেই যাতায়াত তাঁর। তবে কাজের সূত্রে মুম্বইতেই বেশি সময় কাটে। তবুও, বাংলা ছবিতে পছন্দের কাজের ডাক এলেই ফিরতে ভোলেন না নিজের শহরে।
সব মিলিয়ে, একদিকে আন্তর্জাতিক মঞ্চে পারফরম্যান্স, অন্যদিকে দুই ইন্ডাস্ট্রিতে সমান দাপট, শাওনী মজুমদারের কেরিয়ার গ্রাফ এখন উর্ধ্বমুখী। আর সেই যাত্রাপথে এমন কিছু মুহূর্ত তৈরি হচ্ছে, যা শুধু তাঁর নয়, বাংলা সঙ্গীত জগতের কাছেও গর্বের।
