আরব সাগরে লক্ষ ঢেউ। কোনও ঢেউ ভাঙে, কোন ঢেউ গড়ে... জানতে পারেন কেউ? মায়ানগরীর আনাচেকানাচে গুনগুন ফিসফাস। খবরের কানাকানিতে থমকে বাতাস। সারা দিনের খবরাখবর শেষবেলায় আজকাল ডট ইনের পাতায়...

 মণীশ মলহোত্রার জীবনে দুঃখের দিন, সবথেকে বড় সমর্থককে হারালেন ফ্যাশন ডিজাইনার 

প্রয়াত মণীশ মলহোত্রার মা গরিমা মালহোত্রা,  মৃত্যুকালে বয়স হয়েছিল ৯৪। জানা গিয়েছে, ১৯ মার্চ তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। আগামীকাল মুম্বইয়ে শেষকৃত্য হবে মণীশ মালহোত্রার মায়ের৷ 

গত বছর মণীশ মলহোত্রা মায়েরঞ্জন্য জন্মদিনের সুন্দর অনুষ্ঠান আয়োজন করেছিলেন৷ রেখা, করণ জোহার, উর্মিলা মাতনকর সহ বলিউডের খ্যাতনামীরা উপস্থিত ছিলেন সেই অনুষ্ঠানে৷ 

মণীশ মালহোত্রার মাকে শেষ শ্রদ্ধা জানাতে  এসেছেন অভিষেক বচ্চন, ঐশ্বর্য রাই বচ্চন, কিয়ারা আডবাণী, করিশ্মা কাপুর, বরুণ ধাওয়ান,  অর্জুন কাপুর সহ অনেকে।


“১০০০ কোটি আয় করলে ৫০০ কোটি শুধু রাকেশ বেদীর জন্য”,  দাবি রণবীর সিংয়ের

বলিউড অভিনেতা রণবীর সিং 'ধুরন্ধর ২' ছবিতে সহ-অভিনেতা রাকেশ বেদীর অভিনয় দেখে এমন এক মন্তব্য করেছেন, যা ইতিমধ্যেই ভাইরাল।
অভিনেতা রাকেশ বেদী নিজেই জানিয়েছেন, রণবীর সিং তাঁকে বলেছিলেন, যদি এই ছবি ১০০০ কোটি টাকা আয় করে, তার মধ্যে ৫০০ কোটির কৃতিত্ব শুধুমাত্র তাঁরই প্রাপ্য। 

 একটি সাক্ষাৎকারে রাকেশ বেদী বলেন, “এর চেয়ে বড় সম্মান আর কী হতে পারে?” এই মন্তব্য তাঁর কাছে জীবনের অন্যতম বড় প্রশংসা।
তিনি বলেন,  একজন চরিত্রাভিনেতার জন্য এর চেয়ে বড় সম্মান আর কিছু হতে পারে না বলেও মনে করেন রাকেশ বেদী৷ জামিল জামালি নামে এক চতুর ও প্রভাবশালী রাজনৈতিক চরিত্রে এই চরিত্রটি দ্বিতীয় অংশে আরও গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে এবং দর্শকদের কাছেও বেশ প্রশংসা পাচ্ছে।

 

 আসছে পঞ্চায়েত সিজন ৫, ফুলেরায় ফের নতুন লড়াই অভিষেকের

জনপ্রিয় ওয়েব সিরিজ পঞ্চায়েত-এর ভক্তদের জন্য সুখবর। আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়েছে সিজন ৫ আসছে৷ ফুলেরা গ্রামে এখনও অনেক অসমাপ্ত কাজ বাকি, এই সিজনে ব্যক্তিগত ও পেশাগত দ্বন্দ্ব আরও জোরদার হবে বলেই অনুমান। গ্রামজীবনের সরলতা, হাস্যরস এবং আবেগের মিশেলেই গল্প এগোবে৷  অভিষেক উচ্চশিক্ষার জন্য এমবিএ করার স্বপ্ন পূরণের দিকে এগোতে চাইছে তবে তার আগে ফুলেরার অসমাপ্ত দায়িত্ব শেষ করতে হবে। অর্থাৎ, গ্রাম ছেড়ে যাওয়ার আগে আরও কিছু গুরুত্বপূর্ণ অধ্যায় বাকি। কী করবে অভিষেক? ফুলেরার ভবিষ্যৎ কেমন সব উত্তর মিলবে পঞ্চায়েত সিজন ৫-এ৷