বলিউডের বর্ষীয়ান অভিনেতা অনুপম খের বরাবর স্পষ্ট ভাষায় নিজের অভিমত প্রকাশ করেন৷ সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি তাঁর চুল পড়ে যাওয়া নিয়ে কথা বলেন। অভিনেতা জানান, জীবনের বিভিন্ন সময়ে তাঁকে হেয়ার ট্রান্সপ্লান্ট করানোর জন্য বহুবার প্রস্তাব দেওয়া হয়েছিল। এমনকি টাক ঢেকে ফেলার জন্য মোটা অঙ্কের টাকার প্রস্তাবও এসেছিল৷ কিন্তু সেই সব প্রলোভনকে একেবারেই পাত্তা দেননি অভিনেতা।
মজার ছলে অভিনেতার সংযোজন, “আমি তো প্রতিটা হেয়ার উইভিং কোম্পানির স্বপ্ন! কিন্তু আমি ওদের সেই সুযোগ দিইনি।”
অনুপম খের মনে করেন, চুল না থাকাই তাঁকে অন্যদের থেকে আলাদা করেছে৷ টাক মাথাই ‘ব্র্যান্ড’। যদিও অভিনেতা জানিয়েছেন, অভিনয় জীবনের শুরুতে তাঁর টাক মাথার জন্য বহু প্রশ্নের সম্মুখীন হতে হয়েছিল৷ অনেকেই ভেবেছিলেন, এই টাক থাকার কারণে ইন্ডাস্ট্রিতে টিকে থাকা কঠিন হবে। কিন্তু সময়ের সঙ্গে সেই টাক মাথাই হয়ে ওঠে তাঁর স্বতন্ত্র পরিচয়।
অভিনেতার মতে, বাহ্যিক সৌন্দর্যের চেয়ে অনেক বেশি গুরুত্বপূর্ণ নিজের আত্মবিশ্বাস ও ব্যক্তিত্ব। তাই নিজের স্বাভাবিক চেহারা বদলানোর প্রয়োজন তিনি কখনও অনুভব করেননি। বরং তাঁর কাজকে প্রাধান্য দিয়েছেন৷
অনুপম খেরের এই মন্তব্য যেন এক বিশেষ বার্তা, নবীন প্রজন্মের মধ্যে যেখানে বাহ্যিক সৌন্দর্য নিয়ে মাতামাতি, এবং কখনও কখনও মনের মতো চেহারা না পাওয়ায় হতাশা কাজ করে সেখানে নিজের চেহারাকে সহজভাবে গ্রহণ করার বার্তা দিলেন বর্ষীয়ান অভিনেতা৷ ট্রেন্ড বা সামাজিক চাপের কাছে নতিস্বীকার না করে নিজের কাজ, নিজের গুণকে গুরুত্ব দেওয়ার কথাই যেন বললেন অনুপম খের৷
