সংবাদ সংস্থা মুম্বই: পরিবারের সঙ্গেই হইচই করে দীপাবলি কাটাতে দেখা গিয়েছিল করণ জোহর। কিন্তু দীপাবলি কাটতে না কাটতেই বড়সড় সমস্যার মুখোমুখি হলেন এই জনপ্রিয় পরিচালক-প্রযোজক। যার সঙ্গে কি খানিক যোগ রয়েছে দীপাবলির হ্যাংওভারের?

 

করণ জোহর এমনও একজন মানুষ যিনি সমাজমাধ্যমেকে পুরোপুরি ব্যবহার করেন। নিজের তৈরি ছবির জমিয়ে প্রচার হোক কিংবা কাউকে কটাক্ষ করা,অথবা কাউকে শুভেচ্ছা জানানো থেকে দুর্বোধ্য, খামখেয়ালি ইঙ্গিতপূর্ণ পোস্ট করা- সবটুকুই জমিয়ে করেন করণ। ভুললে চলবে না, বিভিন্ন সময়ে নিজের পোস্ট করা ছবির সঙ্গে করণের লেখা মজাদার ক্যাপশনও বেশ জনপ্রিয় নেটপাড়ায়। তবে সম্প্রতি, ছবির সঙ্গে মানানসই কোনও ক্যাপশন তিনি লিখতে পারছেন না। মাথাতেই আসছে না তাঁর। নিজেই সমাজমাধ্যমে সেকথা কবুল করে নিলেন করণ।  তাঁর কথায়, 'ক্যাপশন ফ্যাটিগ' হয়েছে।

 

ইনস্টাগ্রামের স্টোরিতে নিজের একটি ছবি পোস্ট করেছেন করণ। ছবিতে দেখা যাচ্ছে, পড়ন্ত বিকেলের আলো চুঁইয়ে পড়ছে মেঘ থেকে।  রক্তিম আভা ছড়িয়ে রয়েছে গোটা আকাশে। আর ছাদে অবস্থিত একটি ইনফিনিটি পুলের জলে গলা পর্যন্ত ডুবিয়ে বসে আছেন 'রকি ঔর রানি কী প্রেম কাহানি'র পরিচালক। সেই ছবির সঙ্গের ক্যাপশনে নিজের সমস্যার কথা ফাঁস করেছেন করণ। ক্যাপশনে তিনি লেখেন ছবির উপযুক্ত কোনও ক্যাপশন তাঁর মাথায় আসছে না কিছুতেই। ক্যাপশন দিয়ে দিয়ে ক্লান্ত, অবসন্ন তিনি। আর ব্যাপারটা তাঁর কাছে সত্যিই সমস্যার ব্যাপার।

 

 

 

প্রসঙ্গত, প্রায় দুদশকেরও বেশি সময় ধরে হিন্দি চলচ্চিত্রের সঙ্গে জড়িত করণ জোহর। কুছ কুছ হোতা হ্যায়’, ‘কভি খুশি কভি গম’, ‘কাল হো না হোকিংবা অ্যায় দিল হ্যায় মুশকিল’— বলিউড দর্শকদের একের পর এক হিট ছবি উপহার দিয়েছেন তিনি। তবে এবার আর বড় পর্দায় পরিচালনা নয়, ওটিটি প্ল্যাটফর্মে পা রাখতে চলেছেন এই জনপ্রিয় পরিচালক। যদিও এর আগে নেটফ্লিক্সের 'লাস্ট স্টোরিজ'-এর দু'টি সিজনের দু'টি ছোট ছবি পরিচালনার দায়িত্বে ছিলেন করণ। তবে এবারে আর ছোট নয়, একেবারে পূর্ণদৈর্ঘ্যের ওয়েব সিরিজ।নেটফ্লিক্সের জন্য এই ওয়েব সিরিজটি তৈরি করবেন তিনি। সিরিজের নাম 'জেট সেট গো'। বিমান সংস্থা জগতের অন্দরের কাহিনির সঙ্গে জড়িয়ে থাকবে প্রেম। থাকবে থ্রিলারের ছোঁয়াও।