সংবাদসংস্থা মুম্বই: আয়ের বিচারে বলিউডের প্রথম সারির অন্যতম সেরা প্রযোজনা সংস্থা 'ধর্মা প্রোডাকশনস'। করণ জোহরের এই প্রযোজনা সংস্থায় তৈরি হয়েছে অজস্র জনপ্রিয় ছবি। স্বভাবতই, বক্স অফিস থেকে সেই হিসাবের নিরিখে বিপুল অঙ্কের টাকা লাভ হয়েছে করণের।‌ এবং সেই টাকা যেভাবে নিজের বিলাসবহুল জীবনযাপনে খরচ করেন, তা নিয়ে বলতেও এতটুকু দ্বিধা নেই করণের। 
করণ জোহরের স্পষ্ট কথা, "উদয়াস্ত পরিশ্রম করি টাকা রোজগারের জন্য। প্রতিদিন ১৬-১৮ ঘণ্টা কাজ করি, ৩৬৫ দিন। সবাই যখন ছুটি উপভোগ করেন তখনও কিছু না কিছু কাজ একনাগাড়ে করে যাই। সারাদিনে বড়জোর ঘণ্টা পাঁচেক সময় পাই ঘুমোনোর জন্য। এত পরিশ্রম করি বলেই না মোটা অঙ্কের টাকাটা ঘরে ঢোকে। নিজে খেটে রোজগার করেছি, সম্পত্তি বাড়িয়েছি। তাই এসব নিয়ে লজ্জার কোনও বালাই নেই আমার! অনেক টাকা রোজগার করি, বেশ করি!"

'ইয়ে জওয়ানি হ্যায় দিওয়ানি' ছবির প্রযোজক আরও জানান, এক সময়ে ব্যবসায় লোকসান হওয়াতে তাঁর বাবা যশ জোহরকে সম্পত্তি বিক্রি করতে হয়েছিল। স্বামীর এই দুঃসময়ে পাশে দাঁড়িয়ে‌ ছিলেন হিরু জোহর। করণের কথা থেকেই জানা যায়, নিজের গয়না তো তিনি বিক্রি করেই ছিলেন, পাশাপাশি নিজস্ব একটি ফ্ল্যাটও বেচে দিতে হয়। করণের কথায়, "এই সব দিন দেখতে হয়েছে আমাকে। আমরা মধ্যবিত্ত ছিলাম। কিন্তু‌ আর্থিক সমস্যা লেগেই থাকত। এরপর যখন আমি পরিচালনায় এলাম এবং আমার তৈরি পরপর তিনটি ছবি বক্স অফিসে জমিয়ে সাফল্য পেল, তখন পরিবারের আর্থিক অবস্থা খুব ভাল জায়গায় এসে দাঁড়াল।"