'জোয়ার ভাঁটা' ধারাবাহিকে নতুন চমক দিতে দেখানো হয়েছে উজি এবং ঋষি মধুচন্দ্রিমায় যাওয়ার সময় তাদের প্লেনে বিস্ফোরণ হবে। সেই প্রোমো নিয়ে এবার হাসাহাসির ধুম পড়েছে নেটপাড়ায়।
কী ঘটেছে? এদিন 'জোয়ার ভাঁটা' ধারাবাহিকের সেই প্রোমোর একটি দৃশ্য ভাইরাল হয়েছে। সেখানে দেখা যাচ্ছে উজি বিমানের উইন্ডো সিটে বসে। পাশে ঋষি। দু'জনেই জানলা দিয়ে বাইরে দেখছে। কিন্তু একি! জানালায় কাচ নেই। জানলা খোলা, আর বিমান আকাশে উড়ছে! কোনও অসুবিধা ছাড়াই সেখানে বসে আছে নায়ক, নায়িকা। আবার বাস, ট্রেনের মতো উঁকি দিয়ে বাইরে দেখছে। এই দেখেই হাসি থামছে না নেটপাড়া।
এই ছবিটি শেয়ার করে এক ব্যক্তি লেখেন, 'প্লেনের জানলা খোলা তাও মাঝ আকাশে কিছুই হচ্ছে না। আবার প্লেনের বাইরে থেকে ভিডিও হচ্ছে। সত্যিই উজি দিদির পাওয়ার আছে।' বর্তমানে এই ছবি ভাইরাল।
এক ব্যক্তি এই ভাইরাল ছবিতে লেখেন, 'বাংলা সিরিয়ালের গল্পে সবই সম্ভব।' কেউ আবার লেখেন, 'কী খেয়ে স্ক্রিপ্ট লেখে ভগবান জানে।' কেউ কেউ আবার বাজেটের প্রসঙ্গ তুলেছেন।
এই বিষয়ে জানিয়ে রাখা ভাল, সদ্যই জোয়ার ভাঁটা গল্পে নতুন চমক দেখানো হয়েছে। উজির ভুল ধারণা ভেঙেছে। সে একটু একটু করে বুঝতে পারছে ঋষি ব্যানার্জি আসলে ভাল মানুষ। তাকে কেউ ফাঁসানোর চেষ্টা করছে। যদিও উজি, ঋষিকে সমর্থন করার বিষয়টা কিছুতেই মন থেকে মেনে নিতে পারছে না দিদি নিশা। নিত্য নতুন মোড়ে বেশ জমে উঠেছে জি বাংলার ধারাবাহিক 'জোয়ার ভাঁটা'। ক'দিন ধরেই আসল শত্রুদের মুখোশ খুলে দেওয়ার জন্য চেষ্টা করছে উজি ও ঋষি।

অন্যদিকে ঋষির সঙ্গে হানিমুনে যাওয়ার প্ল্যান করে উজি। উজিকে ঋষির মা জানিয়ে দেয়, এইবার যেন তারা সন্তান আসার সুখবর দেয়। এই কথা শুনে লজ্জায় লাল হয়ে ওঠে উজি। একসঙ্গে তারা প্লেনে চড়ে পাড়ি দেয় হানিমুনে। আর সেই প্লেন দুর্জয় ও শঙ্খর চক্রান্তে ভেঙে পড়ে। খবরটা টিভিতে দেখে নিশা। ঋষির উপর আরও রেগে যায় সে। ভাবে উজিকেও কেড়ে নিয়েছে সে। এবার ঋষির পরিবার শেষ করে দেওয়ার জন্য উঠেপড়ে লাগে সে। অন্যদিকে, উজির ননদ খোঁজ পেয়ে যায় নিশা ও উজির আসল পরিচয়ের। সে দুই বোনের পর্দা ফাঁস করবে বলে ভাবে। গল্পের মোড়ে কী হতে চলেছে ধারাবাহিকে? সত্যিই কি প্লেন দুর্ঘটনায় মারা যাবে ঋষি-উজি? তাহলে নিশা কীভাবে প্রতিশোধ নেবে? উত্তর মিলবে ধারাবাহিকের আগামী পর্বে।
এই বিষয়ে জানিয়ে রাখা ভাল, 'জোয়ার ভাঁটা' ধারাবাহিকটি জি বাংলার পর্দায় দেখা যায়। এখানে মুখ্য ভূমিকায় রয়েছেন আরাত্রিকা মাইতি এবং শ্রুতি দাস।
