অভিনেতা ইমরান খান বরাবরই স্পষ্টভাষী। কথা ঘুরিয়ে বলতে তিনি পছন্দ করেন না। এবার বলিউডের তিন সুপারস্টার শাহরুখ খান, সলমন খান ও আমির খানকে ঘিরে তাঁর মন্তব্য নতুন করে আলোচনার জন্ম দিল। ইমরানের মতে, টানা তিন দশকেরও বেশি সময় ধরে হিন্দি সিনেমায় রাজত্ব করা এই তিন খানের জীবনে এবার নতুন এক অধ্যায়ে পা রাখার সময় এসেছে।

ইমরান বলেন, “তিন দশকেরও বেশি সময় ধরে দর্শকরা খানদের পুজো করেছেন। কিন্তু একটা বয়সের পর আর মুখ্য চরিত্রে অভিনয় করা যায় না।”

এক সাক্ষাৎকারে ইমরান খোলাখুলি জানান, খ্যাতিও সময়ের সঙ্গে বদলায়। তাঁর কথায়, “নায়ক হিসাবে অভিনেতারও একটা নির্দিষ্ট সময়সীমা থাকে। একটা বয়স পর্যন্তই আপনি মুখ্য চরিত্র করতে পারেন। তার পর সেই জায়গা থেকে সরে আসতে হয়। তিন খানের বয়স এখন ষাটের কোঠায়। তাঁরা যে ৩০ বছরের স্টারডম উপভোগ করেছেন, যার তুলনা পাওয়া কঠিন। এটা খুবই স্বাভাবিক এবং যে কোনও অভিনেতার যাত্রাপথেরই অংশ। বয়স বাড়ার সঙ্গে সঙ্গে চরিত্রও বদলায়।”

তিনি আরও বলেন, সময়ের সঙ্গে দর্শকের সঙ্গেও তারকার সমীকরণ বদলে যায়। “একটা প্রজন্ম আপনাকে চিনে বড় হয়। আবার নতুন প্রজন্ম আসে, যারা বয়স ও অভিজ্ঞতায় নিজের কাছাকাছি কাউকে খুঁজে নেয়,” বলেন ইমরান। তাঁর ব্যাখ্যা, “আমরা যখন কোনও ছবি বা সিরিজ দেখি, তখন নিজেদেরই সেই গল্পে খুঁজে পাই। স্বাভাবিকভাবেই আমরা আমাদের বয়স বা অভিজ্ঞতার কাছাকাছি চরিত্রের সঙ্গেই বেশি সংযোগ অনুভব করি। নতুন প্রজন্ম হয়তো ৭০ বছরের একজন মানুষের গল্প দেখতে আগ্রহী নাও হতে পারে।”

ইমরানের এই মন্তব্য এমন এক সময়ে এল, যখন খানেরা বক্স অফিসে মিশ্র ফল পাচ্ছেন। ২০১৮ সালে ‘জিরো’র পর শাহরুখ খান চার বছরের বিরতি নিয়ে ২০২৩ সালে ‘পাঠান’  ও ‘জওয়ান’  দিয়ে দুর্দান্ত প্রত্যাবর্তন করেন। তবে একই বছরে মুক্তি পাওয়া ‘ডাঙ্কি’  সেই সাফল্যের ধারাবাহিকতা বজায় রাখতে পারেনি।

আমির খানের ক্ষেত্রেও ‘লাল সিং চাড্ডা ’ বাণিজ্যিকভাবে আশানুরূপ ফল দেয়নি। তাঁর সাম্প্রতিক ছবি ‘সিতারে জমিন পর ’ প্রশংসা পেলেও, সেখানে মূল আকর্ষণ ছিল সহ-অভিনেতাদের পারফরম্যান্স। তাঁর তারকা-ইমেজ নয়। সলমনও ২০১৮-এর পর একাধিক ছবিতে বক্স অফিসে প্রত্যাশা পূরণ করতে পারেননি। ‘টাইগার ৩’  ব্যতিক্রম হিসাবে উল্লেখযোগ্য।

এই পরিবর্তনশীল পরিস্থিতির কথা বলার সময়উ ইমরান নিজের কামব্যাকের প্রস্তুতির কথাও জানান। দীর্ঘ বিরতির পর তিনি ফিরছেন ‘অধুরে হাম অধুরে তুম’ ছবির মাধ্যমে। ২০১০ সালের ‘ব্রেক কে বাদ’এর পরিচালক দানিশ আসলামের সঙ্গেই এই ছবি। একে ‘ডিসফাংশনাল রোমান্টিক কমেডি’ হিসাবে বর্ণনা করা হচ্ছে। ছবিতে ইমরানের সঙ্গে অভিনয় করছেন ভূমি পেডনেকর ও গুরফতেহ পীরজাদা। শুটিং শেষ হয়ে গেলেও, ছবির মুক্তির তারিখ এখনও ঘোষণা করা হয়নি।