আদিত্য ধর পরিচালিত 'ধুরন্ধর'-এর গান 'শারারাত' নিয়ে দর্শক মহলে চর্চার শেষ নেই। এই গানটি ব্যাপক জনপ্রিয়তাও পেয়েছে। গানের দৃশ্যে দেখা গিয়েছিল আয়েশা খান ও ক্রিস্টাল ডি'সুজাকে। সম্প্রতি এক সাক্ষাৎকারে আয়েশা গানের শুটিং অভিজ্ঞতার কথা ভাগ করেন। 

 

একটি সাক্ষাৎকারে আয়েশা বলেন, "শুটিংয়ের ওই দুই দিন ছিল ভীষণ হেকটিক। শুটিং চলাকালীন আমার ঋতুস্রাব চলছিল, আর আপনারা তো জানেনই যে ওই সময় শরীরে অনেক কষ্ট হঢ়, তাই নিজেকে দেখতেও খুব একটা ভাল লাগছিল না। ভাবছিলাম, ইশ! আমি যদি আমার সেরা লুকে থাকতে পারতাম। মাত্র দু'দিনে অনেক কাজ করতে হয়েছিল আমাদের।"

 

সেটের ব্যস্ততা নিয়ে তিনি আরও বলেন, "কেউ একজন আমায় জিজ্ঞেস করেছিল সেটের পরিবেশ কেমন ছিল—আসলে আমরা জানতামই না সেখানে কী হচ্ছে বা কে কে আছেন। পরে গৌরব স্যার যখন বললেন যে উনিও সেখানে ছিলেন, আমি অবাক হয়ে জিজ্ঞেস করেছিলাম, 'আপনিও ছিলেন?' কারণ ক্রিস্টাল আর আমার অন্যদিকে তাকানোর সময়টুকুও ছিল না। ওই দু'দিনেই বিয়ের সিকোয়েন্সের শুটিং করতে হয়েছিল।"

তিনি আরও বলেন, "এত বেশি কাজ ছিল যে আমরা একদম সময় পাইনি। নাচতে নাচতে আমাদের শরীর আর হাড়গোড় সব ব্যথা করছিল। ক্লান্তির পাশাপাশি ঋতুস্রাবের কারণে আমি মানসিকভাবেও খুব আবেগপ্রবণ হয়ে পড়েছিলাম, তাই নিজেকে সামলাতে না পেরে কেঁদে ফেলেছিলাম। যদিও ওটা ছিল আনন্দের কান্না।"

 

ক্রিস্টালের সঙ্গে তাঁর তথাকথিত দ্বন্দ্বের বিষয়ে আয়েশা বলেন, "ক্রিস্টাল আর আমার খুব ভাল সময় কেটেছে। কাজের দিক থেকে ও আমার সিনিয়র। যখন শুনলাম আমরা একসঙ্গে একটা গান করব, আমি ভেবেছিলাম সিনিয়র হিসেবে হয়তো ওর অনেক ট্যানট্রাম থাকবে, কিন্তু ও মানুষ হিসেবে দারুণ! ওর সঙ্গে কাজ করা খুব সহজ ছিল। দু'জন মেয়ের একসঙ্গে আইটেম নাচ করার ব্যাপারে ও চাইলে না করে দিতে পারত, কিন্তু ও খুব ইতিবাচক ছিল। পুরো শুটিংয়ে আমরা একে অপরের শক্তি হয়ে কাজ করেছি।"