'বিগ বস' খ্যাত অভিনেত্রী শেহনাজ গিল ফের একবার খবরের শিরোনামে, তবে এবার কোনও প্রশংসা নয়, বরং নেটিজেনদের তীব্র সমালোচনার মুখে পড়েছেন তিনি। সম্প্রতি, তাঁর একটি পুরানো সাক্ষাৎকারের ভিডিও সমাজমাধ্যমে নতুন করে ভাইরাল হয়েছে, যেখানে সম্পর্কে 'প্রতারণা' বা পরকীয়া নিয়ে শেহনাজের মন্তব্য ঘিরে দানা বেঁধেছে বিতর্ক। নেটিজেনদের একাংশের মতে, শেহনাজ যেভাবে প্রতারণাকে সমর্থন করেছেন, তা অত্যন্ত ক্ষতিকর।
ভাইরাল হওয়া ওই ভিডিওতে শেহনাজকে বলতে শোনা যায়, "সবাইকে নিজের মতো চলতে দিন। যদি আপনার সঙ্গী বাইরে অন্য কারওর সঙ্গে সম্পর্ক রাখতে চায়, তবে তাকে তা করতে দিন। আজকাল আমরা শুনি যে বাইরে প্রেমিকা থাকার কারণে সম্পর্ক ভেঙে যাচ্ছে। আমি বলি, তাকে বান্ধবী রাখতে দিন। কতক্ষণ আর চলবে? তাকে কিছুটা সময় নিজের মতো বাঁচতে দিন।"
শেহনাজ আরও বলেন, "আমি মনে করি মানুষ হিসেবে প্রত্যেকের নিজের মতো বাঁচার অধিকার আছে। সে যখন ভুল করবে, তখন নিজেই একদিন বুঝবে যে সে ভুল করছে। তার ভেতরেও তো মন আছে, সে ঠিকই অপরাধবোধে ভুগবে।"
শেহনাজের এই মন্তব্য প্রকাশ্যে আসতেই তোলপাড় শুরু হয়েছে নেটিজেনদের মধ্যে।অনেকেই এই ধরণের চিন্তাধারার বিরোধিতা করেছেন। নেটিজেনদের বক্তব্য, শেহনাজ পরকীয়া বা প্রতারণাকে স্বাভাবিক করার চেষ্টা করছেন, যা আধুনিক সম্পর্কের ক্ষেত্রে অত্যন্ত ক্ষতিকর। একজন লিখেছেন, 'শেহনাজ কি বোঝাতে চাইছেন যে আত্মসম্মান বিসর্জন দিয়ে সম্পর্কে টিকে থাকতে হবে? জীবন কোনও সিনেমা বা সিরিয়াল নয় যে কেউ হাজার ভুল করার পর ফিরে আসবে আর সব ঠিক হয়ে যাবে।'
আবার কেউ কেউ বিষয়টিকে শেহনাজের ব্যক্তিগত দৃষ্টিভঙ্গি হিসেবে দেখলেও অধিকাংশের মতে, একজন অভিনেত্রী হিসেবে এমন স্পর্শকাতর বিষয়ে আরও দায়িত্বশীল হওয়া উচিত ছিল। অনেকে লিখছেন, 'প্রতারণাকে রোমান্টিক রূপ দেওয়া বন্ধ করুন।' যদিও শেহনাজের কিছু অনুরাগী তাঁর পক্ষ নিয়ে বলছেন যে, তিনি হয়তো অন্য কোনও প্রেক্ষাপটে কথাটি বলতে চেয়েছেন, তবে সমালোচনার ঝড়ে সেই যুক্তি ধোপে টিকছে না।
'বিগ বস ১৩'-এর মাধ্যমে জনপ্রিয়তা পাওয়া শেহনাজ এর আগেও বিভিন্ন মন্তব্যের জন্য চর্চায় এসেছেন। তবে এবারের এই পরকীয়া সংক্রান্ত দর্শন তাঁকে বেশ অস্বস্তিতে ফেলেছে। অভিনেত্রীর এমন বিতর্কিত মন্তব্য তাঁর কেরিয়ারে কোনও প্রভাব ফেলে কি না, এখন সেটাই দেখার। আপাতত নেট দুনিয়ায় শেহনাজ গিলের এই ভিডিও ঘিরে বিতর্কের আগুন নেভার কোনও লক্ষণ নেই।
