আজকাল ওয়েবডেস্ক: র‍্যাপেও আছেন, বিতর্কেও আছেন। নিত্যনতুন কাজ-কর্মে কীভাবে শিরোনাম দখল করতে হয়, সে কথা ভালই জানেন কানিয়ে। কম যান না তাঁর সঙ্গিনী অস্ট্রেলিয়ান মডেল বিয়াঙ্কা সেন্সরিও। এ বার গ্র্যামির মঞ্চে ফের বিতর্ক তৈরি করে শিরোনামে এই তারকা জুটি।

২ ফেব্রুয়ারি ৬৭ তম গ্র্যামির আসর বসেছিল ক্যালিফোর্নিয়ার লস এঞ্জেলেসে। সেখানে আচমকা হাজির হন কানিয়ে এবং বিয়াঙ্কা। রেড কার্পেটে দাঁড়িয়ে ছবির জন্য পোজ দিতেও দেখা যায় দু'জনকে। প্রাথমিক ভাবে সব ঠিকঠাকই চলছিল। কানিয়ের পরনে ছিল কালো টি শার্ট এবং কালো প্যান্ট। বিয়াঙ্কার পরনে ছিল কালো ফার কোট। কিন্তু আচমকাই সেই ফার কোট খুলে ফেলেন বিয়াঙ্কা। দেখা যায় অন্তর্বাস হিসাবে বিয়াঙ্কা পরেছেন পুরোপুরি 'সি থ্রু' একটি পোশাক। পোশাকটি এতই স্বচ্ছ যে তা দিয়ে লজ্জা নিবারণ কার্যত অসম্ভব।

বিয়াঙ্কার কাজে শোরগোল পড়ে যায় অনুষ্ঠানে। এর পরই দেখা যায় নিরাপত্তারক্ষীরা এসে সরিয়ে নিয়ে যান কানিয়ে এবং বিয়াঙ্কাকে। প্রাথমিক ভাবে খবর আসে, কানিয়ে  এবং বিয়াঙ্কার সঙ্গে যাঁরা এসেছিলেন তাঁদের কাছে অনুষ্ঠানের আমন্ত্রণপত্র ছিল না। যদিও আয়োজকদের তরফ থেকে এই খবরের সত্যতা নিয়ে কোনও মন্তব্য করা হয়নি।