হইচই প্রকাশ করল তাদের আসন্ন বাংলা রহস্যধর্মী সিরিজ ‘ঠাকুমার ঝুলি’-র প্রথম ঝলক, যেখানে একেবারে নতুন অবতারে দেখা যাচ্ছে অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায়-কে। হইচই প্ল্যাটফর্মের সঙ্গে এটি তাঁর দ্বিতীয় প্রজেক্ট। ঠাকুমার ঝুলি সিরিজটির পরিচালনায় রয়েছেন 'কালরাত্রি' সিরিজ খ্যাত পরিচালক অয়ন চক্রবর্তী। আগামী মার্চ মাসেই মুক্তি পাবে এই সিরিজ। নির্মাতাদের দাবি, গোয়েন্দা ঘরানায় এক নতুন, আবেগঘন গল্প নিয়ে আসছে ‘ঠাকুমার ঝুলি’।

প্রকাশ পাওয়া সিরিজের প্রথম লুকে শ্রাবন্তীকে দেখা যাচ্ছে গিরিজাবালা সান্যাল চরিত্রে - যিনি বিষ্ণুপুরের বাসিন্দা, ষাটের কোঠায় পৌঁছনো এক তীক্ষ্ণবুদ্ধি, সংযত ও গভীর পর্যবেক্ষণক্ষম নারী। শৃঙ্খলা, মর্যাদা ও নীরব সহনশীলতায় গড়া তাঁর জীবন। অল্প বয়সেই স্বামীকে হারানো, পরে একমাত্র ছেলের মৃত্যু। এই দীর্ঘ শোক তাঁকে শিখিয়েছে কম কথা বলে বেশি দেখতে। সেই অভ্যাসই তাঁকে মানুষের মন ও পরিস্থিতি বুঝতে অসাধারণ দক্ষ করে তুলেছে। তাঁর নিঃসঙ্গ জীবনের সঙ্গী তিনটি বিড়াল। ‘হরি’, ‘বেলা’ ও ‘ফোঁটে’ -যারা তাঁর সংযত জীবনে এক নরম খামখেয়ালি স্পর্শ। 

 

গল্পের মোড় ঘোরে যখন তাঁর নাতনি যাজ্ঞসেনী (অভিনয়ে দিব্যানি মন্ডল), ক্রিমিনাল সাইকোলজি-র ছাত্রী এবং সান্যাল পরিবারের শেষ উত্তরাধিকারী, ভারতে ফিরে আসে ঘনিষ্ঠ বন্ধু অম্রপালি সিংহ রায়ের বিয়েতে যোগ দিতে। অম্রপালি প্রভাবশালী সিংহ রায় রাজনৈতিক পরিবারের সদস্য। কিন্তু বিয়ের আসরেই হঠাৎ সন্দেহজনক পরিস্থিতিতে তাঁর মৃত্যু হয়। ঘটনাটি দুর্ঘটনা বলে মেনে নিতে নারাজ গিরিজাবালা। প্রথম থেকেই তাঁর মনে হয় কোথাও যেন মিলছে না হিসাব।

জগ্গসেনীর বিষ্ণুপুর সফরই হয়ে ওঠে মোড় ঘোরানো মুহূর্ত। মামলার সত্য উন্মোচিত না হওয়া পর্যন্ত সে থেকে যাওয়ার সিদ্ধান্ত নেয়, আর সেই সঙ্গে গিরিজাবালাকেও ফিরিয়ে আনে তাঁর বহুদিনের সুপ্ত অনুসন্ধানী প্রবৃত্তির কাছে।

এরপর শুরু হয় এক নতুন তদন্তযাত্রা, যেখানে দিদা-নাতনি একসঙ্গে খোঁজে নামেন সত্যের। এটি প্রচলিত ‘খুনি কে’ ধরনের রহস্য নয়; বরং প্রজন্মের অভিজ্ঞতা, বুদ্ধিমত্তা ও অন্তর্দৃষ্টি যেখানে মিলিত হয় বিশ্লেষণ, আধুনিক প্রশ্ন আর জেন-জি যুক্তির সঙ্গে। গিরিজাবালা ও যাজ্ঞসেনী শুধু সূত্র নয়, মানুষকেও পড়তে শেখে নীরবতা, সম্পর্ক আর চাপা উদ্দেশ্যের ভেতর দিয়ে।

 

&t=313s

 

রহস্যের সঙ্গে আবেগ, পারিবারিক টানাপোড়েন আর প্রজন্মের সংলাপকে মিশিয়ে সিরিজটি নতুনভাবে ভাবতে চাইছে বাংলা গোয়েন্দা ধারাকে, যেখানে অপরাধ সমাধানই শেষ কথা নয়, মানুষের আচরণ বোঝাও সমান গুরুত্বপূর্ণ।

আগামী মার্চ হইচই-তেই স্ট্রিমিং শুরু হবে ‘ঠাকুমার ঝুলি’-র।