আর মাত্র কয়েক ঘণ্টা। ভালবাসার সপ্তাহের শেষ লগ্ন উপস্থিত। রাত পোহালেই, ১৪ তারিখ অর্থাৎ ভ্যালেনটাইন্স ডে। কাজের ব্যস্ততা থাকলেও টলিউডের কোন তারকার কী পরিকল্পনা প্রেম দিবসে খোঁজ নিল আজকাল ডট ইন। 

সুস্মিতা দে শুটিংয়ের ফাঁকেই জানালেন ভ্যালেন্টাইন্স ডে'তে তাঁর আলাদা করে কোনও পরিকল্পনা নেই। তবে এই দিনটি বিশেষ গুরুত্ব অবশ্যই আছে তাঁর কাছে। 'কথা' অভিনেত্রীর কথায়, "ভালবাসা প্রতিদিন উদ্‌যাপন করা যায়। কিন্তু যদি একদিন একটু বেশি করে ভালবাসা উদ্‌যাপন করা যায়, তাহলে কেন নয়? আমার কাছে ভালবাসার উদ্‌যাপন মানে, বড় কিছু নয়। একসঙ্গে সিনেমা দেখা, বা কফি খাওয়া। এটাই অনেক বড়।"

প্রায় একই সুর শোনা গেল 'আমাদের দাদামণি' ধারাবাহিক খ্যাত নায়িকা অনুষ্কা চক্রবর্তীর গলায়। না, এদিন তাঁরও কোনও বিশেষ পরিকল্পনা নেই। অভিনেত্রী বললেন, "ভ্যালেন্টাইন্স ডে'তে আমি খুব একটা কখনই আলাদা করে কিছু প্ল্যান করি না। আমার কাছে ভ্যালেন্টাইন্স ডে রোজই। তাছাড়া, এই দিনটি আমার ঠাম্মার মৃত্যুদিন। মৃত্যুটাকেও আমি নেতিবাচক ভাবে দেখি না। আমার ঠাম্মা ভীষণ আধুনিকা ছিলেন। সবসময় চাইতেন, আমরা যেন আনন্দে থাকি।" তিনি আরও বলেন, "আমি আমার বন্ধু অনুভব (কাঞ্জিলাল), আমরা প্রতিদিনই যতটুকু সময় পাই চেষ্টা করি সেটাকে এমন ভাবে কাটাতে যাতে প্রতিদিন ভ্যালেনটাইন্স ডে হয়। একজন ব্যস্ত, আরেকজন বাড়িতে থাকলে কিছু করে রাখা। কিছু একটা দেখে পছন্দ হল, সেটা ওর জন্য কিনে রাখা, এই ছোট ছোট ব্যাপারগুলো প্রতিদিন হয়। আলাদা করে কোনও দিনে বিশ্বাস করি না। আমাকে আর ওকে, দু'জনকেই যেহেতু বাইরে অনেকটা সময় থাকতে হয়, সেহেতু যে কোনও বিশেষ দিনেই চেষ্টা করি বাড়িতে পরিবার, বন্ধুদের সঙ্গে সময় কাটানোর।" এই বিষয়ে জানিয়ে রাখা ভাল, টলিউডের অতি চেনা মুখ অনুভব কাঞ্জিলাল এবং অনুষ্কা চক্রবর্তী, দীর্ঘ সময় একে অন্যের সঙ্গে সম্পর্কে রয়েছেন।

তবে ভ্যালেন্টাইন্স ডে কিন্তু 'ভালবাসা'র সঙ্গেই কাটাবেন অঙ্গনা রায়। প্রেম দিবসের পরিকল্পনা জিজ্ঞেস করাতেই অভিনেত্রী বলেন, "এই ভ্যালেন্টাইন্স ডে আমি আমার ভালবাসার সঙ্গেই কাটাব। অর্থাৎ আমার কাজ। একটা নতুন সিরিজ শুরু হয়েছে, সিকিমে আছি। শুট করছি। ফলে ভালবাসার দিন কাজেই কাটবে।" আর তার বন্ধু রোহন ভট্টাচার্যের কী প্ল্যান? অভিনেতার কথায়, "কোনও প্ল্যান নেই, কাজ আছে। 'প্রলয় ২'-এর প্রচারের ইভেন্ট আছে। কুমার শানু এবং শানের কনসার্টে আমাদের 'প্রলয় ২'-এর প্রচার হবে।" 

দু'জনের কাছে ভ্যালেন্টাইন্স ডের গুরুত্ব কি আজও আছে? থাকলে কতটা? এই বিষয়ে রোহন বলেন, "নিশ্চয় গুরুত্ব রাখে। বিশেষ দিন ভালই লাগে। তবে আমি এটাও বিশ্বাস করি যে, বিশেষ দিন আছে যখন সেটাকে বিশেষ ভাবেই উদ্‌যাপন করা উচিত। আমার মনে হয় এই দিনগুলো, যাঁরা আমাদের ভালবাসেন, খেয়াল রাখেন, বন্ধু মনে করেন তাঁরা তো অনেক কিছু করেন আমাদের জন্য, অনেক স্যাক্রিফাইস করেন, সেগুলো মনে করার দিন। তাঁদেকে ধন্যবাদ জানানোর দিন।' অন্যদিকে অঙ্গনার মতে, "ভ্যালেন্টাইন্স ডে অবশ্যই ভালবাসা উদ্‌যাপনের দিন। এটি ভালবাসার সব রূপকে উদ্‌যাপন করার দিন। সেটা প্রেম হতে পারে, পরিবার হতে পারে, বা বন্ধুবান্ধব। এমনকী নিজেকেও ভালবাসার দিন। আমার রোজকার জীবনকে যাঁরা একটু হলেও বিশেষ করে তোলে, তাঁদের কৃতজ্ঞতা জানানোর দিন।"